ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজার থেকে শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন ৬ পরিচালক। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে রোববার এ ঘোষণা দিয়েছেন তারা।
যমুনা ব্যাংকের ৪ লাখ ৩২ হাজার শেয়ার কিনবেন উদ্যোক্তা-পরিচালক মো. ফজলুর রহমান।
বিএসআরএম স্টিল লিমিটেডের ২ লাখ শেয়ার কিনবেন পরিচালক আমীর আলী হুসেইন।
ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের দুই পরিচালক কে এম হাবিব জামান ও লতিফা রানা যথাক্রমে ১ লাখ ২৫ হাজার ও এক লাখ ১৫ হাজার ৬২০টি শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।
তাকাফুল ইন্সুরেন্সের পরিচালক নাফিসা সালমা ঘোষণা দিয়েছেন ৬৮ হাজার শেয়ার কেনার।
ইসলামিক ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালক ফিরোজ আলম এক লাখ ৭৫ হাজার শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।
বাজারদরে আগামী ৩০ কার্যদিবসে তারা এই শেয়ার কিনবেন বলে জানিয়েছেন।
গত ২২ নভেম্বর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) এক নির্দেশনায় বলা হয়, কোম্পানির উদ্যোক্তা, পরিচালকদের সম্মিলিতভাবে ওই কোম্পানির পরিশোধিত মূলধনের ৩০ শতাংশ শেয়ার থাকতে হবে।
এছাড়া পরিচালকদের আলাদাভাবে ন্যূনতম ২ শতাংশ শেয়ার না থাকলে তিনি পরিচালক পদ হারাবেন এবং সাধারণ শেয়ারহোল্ডারদের যাদের কাছে ৫ শতাংশ শেয়ার আছে তিনি পরবতী বার্ষিক সভায় পরিচালক মনোনীত হবে।
এসইসির নির্দেশনা মেনে এসব কোম্পানির উদ্যোক্তা, পরিচালকদের ২ শতাংশ ও ৩০ শতাংশের কোটা পুরণ করতে হবে উদ্যোক্তা পরিচালকদের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৬৪৫ ঘ.
bdnews24