২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের পরিপত্র ‘নাটক’

ফটকা ব্যবসায় সরকারি-কর্মকর্তা ও কর্মচারীদের বিনিয়োগে নিষেধের কথা স্মরণ করিয়ে পরিপত্র জারির দুই ঘণ্টার মধ্যে প্রত্যাহার করে আবার সংশোধিত আকারে তা পুনরায় জারির কথা বলেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2012, 04:45 PM

Updated : 24 Aug 2022, 10:36 AM

ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফটকা ব্যবসায় সরকারি-কর্মকর্তা ও কর্মচারীদের বিনিয়োগে নিষেধের কথা স্মরণ করিয়ে পরিপত্র জারির দুই ঘণ্টার মধ্যে প্রত্যাহার করে আবার সংশোধিত আকারে তা পুনরায় জারির কথা বলেছে সরকার। ব্যাপক আলোচনার মধ্যেই বুধবার সন্ধ্যা ৬টা থেকে রাত সোয়া ৮টার মধ্যে এই ঘটনাগুলো ঘটে। আলোচনায় এলেও পুঁজিবাজারে অস্থিরতার মধ্যে এই ধরনের পদক্ষেপ নেওয়া সরকারের ঠিক ছিল না বলে আগেই মত জানিয়েছিল বাজার সংশ্লিষ্টরা। এর মধ্যেই সন্ধ্যা ৬টায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুস সোবহান সিকদারের সই করা এক পরিপত্রে বলা হয়, ফাটকা কারবারে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিনিয়োগ বিধিবহির্ভূত। অনুমতি ছাড়া কোনো ধরনের ব্যবসাই তারা করতে পারেন না। এরপর তথ্য অধিদপ্তরের (পিআইডি) সংবাদ কক্ষে গিয়ে সোবহান সিকদার পরিপত্রটি প্রত্যাহারের কথা মৌখিকভাবে জানিয়ে আসেন। সরকারি যে কোনো ভাষ্য-তথ্য অধিদপ্তর থেকেই জানানো হয়। পিআইডি সংবাদ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা ফায়জুল হক রাত ৮টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরিপত্রটি প্রত্যাহার করার মৌখিক আদেশ হয়েছে। বৃহস্পতিবার অফিস সময়ে লিখিত আদেশ হবে। তবে এর মাত্র ১০ মিনিট আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব রইস উল আলম মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। তাকে মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো নির্দেশনা দেয়নি। এরপর সোয়া ৮টার দিকে সোবহান সিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরিপত্রটি আপাতত প্রত্যাহার করা হয়েছে। সংশোধিত আকারে তা পরবর্তীতে আবারো জারি করা হবে।” পরিপত্র প্রত্যাহারের কারণ জানতে চাইলে তিনি বলেন, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া প্রকাশ হওয়ায় এটি প্রত্যাহার করা হয়েছে। পুঁজিবাজারে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিনিয়োগ নিয়ে গত দুই দিন ধরেই ব্যাপক আলোচনা চলছে, যার সূত্রপাত হয় সোমবার মন্ত্রিসভার বৈঠকের মধ্য দিয়ে। দেশে প্রচলিত আইন অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের লাভজনক কর্মকাণ্ডে জড়িত থাকার সুযোগ না থাকলেও আইনের ফাঁক দিয়ে পুঁজিবাজারে তারা বিনিয়োগ করে আসছেন। সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর প্রেসব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ বলেন, “সরকারি দায়িত্ব পালনের অবস্থানে থেকে এই ধরনের (পুঁজিবাজারে) ব্যবসা-বাণিজ্য করা সমীচীন নয়। পরবর্তী পর্যায়ে মন্ত্রণালয় থেকে একটা কাগজ দেবে।” পরদিন বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, পুঁজিবাজারে সরকারি চাকুরেদের বিনিয়োগ বন্ধে প্রচলিত আইন কঠোরভাবে অনুসরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারের এই সিদ্ধান্তের প্রভাব বাজারের পড়ার শঙ্কার কথা জানিয়ে সেদিন দেশের দুই পুঁজিবাজার কর্তৃপক্ষই লেনদেন বন্ধ করে দেয়, বিক্ষোভ করে বিনিয়োগকারীরাও। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) জ্যেষ্ঠ সহ-সভাপতি আহসানুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরকারের এই সিদ্ধান্ত বাজারে যে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলবে, সেটা বুঝতে পেরেই আমরা মঙ্গলবার বাজার বন্ধ করেছিলাম। সরকারের এই সিদ্ধান্তের পরিবর্তন না এলে বাজারের ব্যাপক ধস নামবে।” সরকারের এই পদক্ষেপ ‘অপরিণত’ আখ্যায়িত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক মাহমুদ ওসমান ইমাম মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বর্তমানে পুঁজিবাজারের যে অস্থিতিশীল পরিস্থিতি রয়েছে, সেখানে সরকারের এই সিদ্ধান্তটি অপরিণত হয়েছে। এটা বাজারে অনেক বেশি নেতিবাচক প্রভাব ফেলবে।” তার কথা মতো বুধবার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ব্যাপক দরপতন হয়। তার মধ্যেই সন্ধ্যায় সরকারের পরিপত্র আসে। প্রত্যাহার হওয়া পরিপত্রে সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা-১৯৭৯ এর ১৫ ধারা ১, ২, ৩ ও ৪ উপবিধি উল্লেখ করে বলা হয়েছিল, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া ফটকা ব্যবসাসহ যে কোনো ধরনের বিনিয়োগ থেকে বিরত থাকতে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বিরত থাকার নির্দেশনা দেওয়া হলো। পরিপত্রে পুঁজিবাজারের কথা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা না হলেও বলা হয়, ঝুঁকিপূর্ণ বিনিয়োগের ক্ষেত্র হিসেবে পুঁজিবাজারকে বিবেচনা করা হয়। ফটকা কারবারের কথা পরিপত্রে বলা হয়; এর আগে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত পুঁজিবাজারকে ‘ফাটকা বাজার’ বলে মন্তব্য করেন, যা নিয়ে বিনিয়োগকারীদের সমালোচনার মুখে পড়তে হয় অর্থমন্ত্রীকে। পরিপত্রে বলা হয়েছিল, “ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে এক শ্রেণীর সরকারি কর্মকর্তা ও কর্মচারী ফটকা কারবারে বিনিয়োগে অংশগ্রহণ করছেন। এ ধরনের বিনিয়োগ ওই বিধিমালা অনুযায়ী আরোপিত বিধি-নিষেধের লঙ্ঘন।” সরকারি কর্মকর্তাদের ঝুঁকিপূর্ণ খাতে বিনিয়োগের ক্ষেত্রে নিষেধের কথা স্মরণ করানোর পাশাপাশি স্বার্থের সংঘাত ঘটায়, এ ধরনের খাতে তাদের আত্মীয়-স্বজনদের বিনিয়োগের বিষয়েও তাদের সতর্ক করা হয়। “যে সব বিনিয়োগের ফলে সরকারি কর্মকর্তা ও কর্মচারীর সরকারি কার্যসম্পাদন প্রভাবান্বিত হতে পারে অথবা সরকারি কর্তব্য সম্পাদনে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে, তাদের পরিবারের সদস্যগণকেও এইরূপ বিনিয়োগের অনুমতি প্রদান করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ করা হলো,” বলা হয় ওই পরিপত্রে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/২২৩৫ ঘ.