২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিনিয়োগকারীদের ক্ষতি পোষাতে সুপারিশ চূড়ান্ত হচ্ছে

পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ক্ষতি পোষাতে গঠিত কমিটি শনিবার তাদের সুপারিশগুলো চূড়ান্ত করবে। এর পর তা অর্থমন্ত্রণালয়ে পাঠানো হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2012, 01:13 PM

Updated : 24 Aug 2022, 10:36 AM

ঢাকা, জানুয়ারী ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ক্ষতি পোষাতে গঠিত কমিটি শনিবার তাদের সুপারিশগুলো চূড়ান্ত করবে। এর পর তা অর্থমন্ত্রণালয়ে পাঠানো হবে। বৃহস্পতিবার আইসিবিতে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় কমিটির প্রধান আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামান এ কথা জানান। ফায়েকুজ্জামান বলেন, “ক্ষতি পোষানোর উপায়গুলো বের করতে আমাদের দুইমাস সময় দেয়া হয়েছিল। এর মধ্যেই আমরা প্রায় সব কাজ শেষ করেছি।” “পুঁজিবাজারের ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংকগুলোর কাছে ক্ষতিগ্রস্থ গ্রাহকদের বিষয়ে তথ্য চেয়েছিলাম। ১০ জানুয়ারির মধ্যেই আমরা প্রয়োজনীয় সব তথ্য পেয়েছি।” শনিবারের মধ্যে তথ্যগুলো বিশ্লেষণ শেষ করে সুপারিশ চূড়ান্ত করা হবে বলে তিনি জানান। সাংবাদিকদের সাথে এই বৈঠকে ক্ষতিপূরণের বিষয়ে তিনি মত নেন। গত ২৩ নভেম্বর সরকারঘোষিত বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান। এ সময় ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে দিতে একটি কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়। ২৭ নভেম্বর আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামানের নেতৃত্বে ছয় সদস্যের এই কমিটি গঠন করা হয়। এই কমিটি প্রথম বৈঠকে বসে ৫ ডিসেম্বর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসআইটি/এসইউ/১৯০২