২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সরকারি চাকুরেদের ফাটকা কারবার বিধিবহির্ভূত’

পুঁজিবাজারে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিনিয়োগ নিয়ে বিভ্রান্তির মধ্যে সরকারি এক পরিপত্রে বলা হয়েছে, অনুমতি ছাড়া কোনো ধরনের ব্যবসাই তারা করতে পারেন না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2012, 12:27 PM

Updated : 24 Aug 2022, 10:36 AM

ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিনিয়োগ নিয়ে বিভ্রান্তির মধ্যে সরকারি এক পরিপত্রে বলা হয়েছে, অনুমতি ছাড়া কোনো ধরনের ব্যবসাই তারা করতে পারেন না। সরকারি কর্মকর্তাদের পুঁজিবাজারে বিনিয়োগ বন্ধে প্রচলিত আইন কঠোরভাবে অনুসরণ করা হবে- মঙ্গলবার এই সংবাদ প্রকাশ হলে দেশের দুই পুঁজিবাজারে লেনদেন বন্ধ হয়ে যায়। বিক্ষোভে নামে বিনিয়োগকারীরা। এর পরদিনই সরকারি এক পরিপত্রে এ কথা জানানো হলো, যদিও দেশের পুঁজিবাজারে অস্থিরতার মধ্যে সরকারের এই ধরনের পদক্ষেপ সমীচীন হচ্ছে না বলে বিশ্লেষকরা মত প্রকাশ করেছিলেন। সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা-১৯৭৯ এর ১৫ ধারা ১, ২, ৩ ও ৪ উপবিধি উল্লেখ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুস সোবহান সিকদারের সই করা পরিপত্রে বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া ফটকা ব্যবসাসহ যে কোনো ধরনের বিনিয়োগ থেকে বিরত থাকতে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বিরত থাকার নির্দেশনা দেওয়া হলো। পরিপত্রে পুঁজিবাজারের কথা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা না হলেও বলা হয়েছে, ঝুঁকিপূর্ণ বিনিয়োগের ক্ষেত্র হিসেবে পুঁজিবাজারকে বিবেচনা করা হয়। একথা সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদও বলেছিলেন। ওই বৈঠকেই পুঁজিবাজারে সরকারি চাকুরেদের বিনিয়োগ বন্ধের আইন কঠোরভাবে অনুসরণের সিদ্ধান্ত হয় বলে মঙ্গলবার বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়। ফাটকা কারবারের কথা পরিপত্রে বলা হয়েছে; এর আগে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত পুঁজিবাজারকে ‘ফাটকা বাজার’ বলে মন্তব্য করেন, যা নিয়ে বিনিয়োগকারীদের সমালোচনার মুখে পড়তে হয় অর্থমন্ত্রীকে। দেশে প্রচলিত আইন অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের লাভজনক কর্মকাণ্ডে জড়িত থাকার সুযোগ না থাকলেও আইনের ফাঁক দিয়ে পুঁজিবাজারে যে সরকারি চাকুরেরা বিনিয়োগ করে আসছেন, তা সরকারও স্বীকার করেছে। পরিপত্রে বলা হয়, “ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে এক শ্রেণীর সরকারি কর্মকর্তা ও কর্মচারী ফটকা কারবারে বিনিয়োগে অংশগ্রহণ করছেন। এ ধরনের বিনিয়োগ ওই বিধিমালা অনুযায়ী আরোপিত বিধি-নিষেধের লঙ্ঘন।” এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক মাহমুদ ওসমান ইমাম মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বর্তমানে পুঁজিবাজারের যে অস্থিতিশীল পরিস্থিতি রয়েছে, সেখানে সরকারের এই সিদ্ধান্তটি অপরিণত হয়েছে। এটা বাজারে অনেক বেশি নেতিবাচক প্রভাব ফেলবে।” মঙ্গলবার পুঁজিবাজার বন্ধের পর তিনি এই কথা বলেন। তার কথা মতোই বুধবার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ব্যাপক দরপতন হয়। সরকারি কর্মকর্তাদের ঝুঁকিপূর্ণ খাতে বিনিয়োগের ক্ষেত্রে নিষেধের কথা স্মরণ করানোর পাশাপাশি স্বার্থের সংঘাত ঘটায়, এ ধরনের খাতে তাদের আত্মীয়-স্বজনদের বিনিয়োগের বিষয়েও তাদের সতর্ক করা হয়েছে। “যে সব বিনিয়োগের ফলে সরকারি কর্মকর্তা ও কর্মচারীর সরকারি কার্যসম্পাদন প্রভাবান্বিত হতে পারে অথবা সরকারি কর্তব্য সম্পাদনে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে, তাদের পরিবারের সদস্যগণকেও এইরূপ বিনিয়োগের অনুমতি প্রদান করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ করা হলো,” বলা হয় পরিপত্রে। এই সব বিষয়ে আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকর্তা ও কর্মচারীদেরও যথাযথ নির্দেশনা দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ করেছে সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৯২৩ ঘ.