২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিনিয়োগকারীদের বিক্ষোভ

দুই পুঁজিবাজারে লেনদেন শুরুর পর টানা দরপতনে চট্টগ্রামে বিক্ষোভ করেছে ক্ষুদ্র বিনিয়োগকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2012, 09:52 AM

Updated : 24 Aug 2022, 10:36 AM

চট্টগ্রাম, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই পুঁজিবাজারে লেনদেন শুরুর পর টানা দরপতনে চট্টগ্রামে বিক্ষোভ করেছে ক্ষুদ্র বিনিয়োগকারীরা। বুধবার বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত নগরীর আগ্রাবাদ শেখ মুজিব সড়কে চিটাগাং ইনভেস্টর্স ফোরামের ব্যানারে তারা সমাবেশ এবং মিছিল করে। পুঁজিবাজারে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিনিয়োগ নিয়ে ‘বিভ্রান্তিতে’ নেতিবাচক প্রতিক্রিয়ার আশঙ্কায় মঙ্গলবার দেশের দুই পুঁজিবাজারে লেনদেন বন্ধ রাখার পর বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আধ ঘণ্টা দেরিতে অর্থ্যাৎ সাড়ে ১১টায় লেনদেন শুরু হয়। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) নিয়মানুযায়ী সকাল ১১টায় লেনদেন শুরু হয়। বিনিয়োগকারীরা এই আধা ঘণ্টার লেনদেন বাতিলের দাবি জানিয়ে বিক্ষোভ করে এবং সিএসই চেয়ারম্যানের পদত্যাগ দাবি করে। এ ব্যাপারে সিএসই’র প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ সাজিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ত্র“টির কারণে ডিএসই ১১টা থেকে লেনদেন শুরু করতে পারেনি। এটি আগে থেকে ঘোষিত কোনো বিষয় নয়। আমাদেরও বিষয়টি জানানো হয়নি।” পুঁজিবাজারের কালো টাকা বিনিয়োগ প্রসঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের প্রজ্ঞাপন বাতিল এবং এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ দাবি করা হয় সমাবেশ থেকে। কালো টাকার উৎস নিয়ে কোনো প্রশ্ন করা হবে না বলে এর আগে জানানো হলেও রোববারের একটি প্রজ্ঞাপনে এনবিআর জানায়, অপরাধের মাধ্যমে অর্জিত অর্থ এই সুবিধা পাবে না। এছাড়া অন্য সংস্থা প্রশ্ন করলে তার দায়িত্ব এনবিআর নেবে না। ইনভেস্টর্স ফোরামের আহ্বায়ক আছলাম মোরশেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন যুগ্ম আহবায়ক এমএ কাদের, সরোজ চৌধুরী সুলভ, খোরশেদ আলম। মঙ্গলবার বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের লাভজনক ব্যবসা না করা বিষয়ে বিদ্যমান আইন কঠোরভাবে অনুসরণে সোমবার মন্ত্রিসভার বৈঠকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এ সংবাদে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের (সামরিক ও বেসামরিক) পুঁজিবাজারে বিনিয়োগের ব্যাপারে ‘অস্পষ্টতা প্রতীয়মান’ হয়েছে উল্লেখ করে ‘বিভ্রান্তির’ আশঙ্কায় মঙ্গলবার লেনদেন বন্ধ রাখা হয় দেশের দুই পুঁজিবাজারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৫৪৩ ঘ.