২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইর জরুরি বৈঠক

দুই সপ্তাহ ধরে পুঁজিবাজারে মন্দাভাবের প্রেক্ষাপটে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ পরিচালনা পর্ষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2012, 03:08 PM

Updated : 24 Aug 2022, 10:35 AM

ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই সপ্তাহ ধরে পুঁজিবাজারে মন্দাভাবের প্রেক্ষাপটে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ পরিচালনা পর্ষদ। মঙ্গলবার সকাল ১০টায় এই বৈঠক হবে বলে ডিএসই’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা হয়, বৈঠকে বর্তমান বাজার পরিস্থিতি ও করণীয় নিয়ে আলোচনা হবে। কিছু দিনের অস্থিরতার পর প্রধানমন্ত্রীর নানামুখী উদ্যোগে কিছুটা চাঙ্গা হয়ে উঠেছিল দেশের পুঁজিবাজার। তবে গত দুই সপ্তাহ ধরে বাজারে মন্দাভাব রয়েছে। রোববার জাতীয় রাজস্ব বোর্ডের এক প্রজ্ঞাপন জারির পরে বাজারে ৮২ পয়েন্ট সূচক পড়ে যায়। সোমবার পড়েছে ১৬৭ পয়েন্ট। এক মাসের ব্যবধানে সূচক সর্বনিু অবস্থানে নেমে আসে। রোববার পুঁজিবাজারের কালোটাকা বিনিয়োগ প্রসঙ্গে জাতীয় রাজস্ব বোর্ড একটি প্রজ্ঞাপন জারি করে। এর আগে কালোটাকার উৎস নিয়ে কোনো প্রশ্ন করা হবে না বলে জানানো হলেও প্রজ্ঞাপনে বলা হয়, অপরাধের মাধ্যমে অর্জিত অর্থ এই সুবিধা পাবে না। এছাড়া অন্য সংস্থা প্রশ্ন করলে তার দায়িত্ব এনবিআর নেবে না। বাজারে মন্দাভাবের জন্যে অর্থমন্ত্রী, এনবিআর ও সরকারকে দায়ী করে সোমবার বিক্ষোভ করেছেন সাধারণ বিনিয়োগকারীরা। দুপুর থেকে প্রায় সাড়ে তিন ঘণ্টা ডিএসইর সামনের সড়ক তারা অবরোধ করে রাখেন। এই পরিস্থিতিতে বাজার নিয়ে আলোচনা করতে বৈঠক ডেকেছে ডিএসই। বৈঠক শেষে দুপুর ১২টায় সংবাদ সম্মেলনে বৈঠকের আলোচনা ও সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছে ডিএসই জনসংযোগ বিভাগ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/২১০৫ ঘ.