২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঙ্গাভাব ফিরল পুঁজিবাজারে

ক্রেতার চাপে চাঙ্গাভাব ফিরল দেশের দুই পুঁজিবাজারে। এর ফলে বেড়েছে মূল্যসূচক। বেড়েছে বেশিরভাগ শেয়ারের দামও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2011, 06:39 AM

Updated : 24 Aug 2022, 04:23 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) Ñ ক্রেতার চাপে চাঙ্গাভাব ফিরল দেশের দুই পুঁজিবাজারে। এর ফলে বেড়েছে মূল্যসূচক। বেড়েছে বেশিরভাগ শেয়ারের দামও। সোমবার ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে লেনদেন শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে সূচক ও লেনদেনের পরিমাণ। এর ফলে বেশ কিছু প্রতিষ্ঠানের শেয়ার বিক্রেতাশূন্য হয়ে পড়ে। দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক আগের দিনের চেয়ে ২০৬ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৯৯১ দশমিক ৩১ পয়েন্টে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বাছাই সূচক (সিএসসিএক্স) ৩৭৯ দশমিক ১৯ পয়েন্ট বেড়ে হয়েছে ১০ হাজার ৮৯৬ দশমিক ৭৫ পয়েন্টে। সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ৫৩৪ কোটি টাকার শেয়ার। যা আগের দিনের চেয়ে প্রায় ১৭১ কোটি টাকা বেশি। আর সিএসইতে লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ১৯ কোটি টাকা বেড়ে হয়েছে ৭১ কোটি টাকা। ডিএসই-এর জ্যেষ্ঠ সহ-সভাপতি আহসানুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাজারে বিক্রির চাপ কমে গেছে। এছাড়া বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ছে। যারা ফ্রেশ টাকা নিয়ে সাইড লাইনে ছিলেন তারা হয়তো বাজারে আসছেন। এর ফলে ক্রেতার চাপও বাড়ছে।" তিনি আরও বলেন, "এরই মধ্যে বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং কয়েকটি পদক্ষেপ বাস্তবায়ন হয়েছে। এর ফলে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরে আসছে। আমরা আশা করছি, এর ফলে পুঁজিবাজার স্থিতিশীল হবে।" সোমবার ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দাম বেড়েছে ২৫০টির, কমেছে ৮টির। অপরিবর্তিত রয়েছে ৩টির শেয়ারের দাম। কিছু সময়ের জন্য দাম কমার তালিকায় কোনো শেয়ার ছিল না। পুঁজিবাজার স্থিতিশীল করতে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ও কেন্দ্রীয় ব্যাংক বেশ কয়েকটি পদক্ষেপ নেয়। ব্যাংকগুলোর একক গ্রাহক ঋণসীমা সমন্বয়ের সময়সীমা এবং ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে অতিরিক্ত বিনিয়োগ সমন্বয়ের জন্য ২০১২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এদিকে মিউচুয়াল ফান্ডগুলোর একক ও খাতভিত্তিক শেয়ারে বিনিয়োগ সীমা স্থগিত করেছে এসইসি। এছাড়া কোনো কোম্পানির উদ্যোক্তা বা পরিচালকদের ওই কোম্পানির শেয়ার বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কোনো কোম্পানির পাঁচ শতাংশ বা এর বেশি শেয়ার আছে এমন শেয়ারহোল্ডারদেরও ওই কোম্পানির শেয়ার বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এসইসি। এরপরও গত সপ্তাহে ডিএসই সাধারণ সূচক ৫ দশমিক ২৭ শতাংশ কমে দাঁড়ায় ৫৬৫২ পয়েন্টে। গত বুধবার বাজারে অস্থিতিশীলতা ঠেকাতে নিজেদের কোম্পানির শেয়ার কেনার আগ্রহের কথা জানায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি)। এরপর বৃহস্পতিবার ডিএসই সাধারণ সূচক ২ দশমিক ৮৮ পয়েন্ট বাড়ে। রোববার সপ্তাহের শুরুতে ডিএসই সাধারণ সূচক ১৩২ দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫৭৮৪ দশমিক ৯৬ পয়েন্টে। লেনদেন হয় ৩৬৩ কোটি টাকার শেয়ার। সোমবার লেনদেনের ডিএসইতে শীর্ষে ছিল- লাফার্জ সুরমা সিমেন্ট, সামিট পাওয়ার, বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মা, তিতাস গ্যাস, গ্রামীণ ফোন, লংকা বাংলা ফাইন্যান্স, এমআই সিমেন্ট, ন্যাশনাল ব্যাংক ও মালেক স্পিনিং। দাম বাড়ায় শীর্ষে ছিল- গ্রামীণ ওয়ান: স্কিম ২ মিউচুয়াল ফান্ড, গ্রামীণ ওয়ান মিউচুয়াল ফান্ড, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস, ফেডারেল ইন্সুরেন্স, ইউনিয়ন ক্যাপিটাল, বিডি ফাইন্যান্স, ফিনিক্স ইন্সুরেন্স, মেঘনা লাইফ ইন্সুরেন্স, জিকিউ বলপেন ও আইপিডি। এদিকে দাম কমার শীর্ষে ছিল, সপ্তম আইসিবি মিউচুয়াল ফান্ড, দেশ গার্মেন্টস, রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড ১, এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ড ১, চতুর্থ আইসিবি মিউচুয়াল ফান্ড, জিল বাংলা সুপার মিলস, স্ট্যান্ডার্ড সিরামিকস ও জুট স্পিনিং। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১৫৪৮ ঘ.