ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মতিঝিলে বিক্ষোভের সময় গাড়ি ভাংচুরের অভিযোগে পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের নেতাদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
সোমবার দুপুরে মতিঝিলে বিক্ষোভের সময় সংগঠনের সভাপতি মিজানুর রশীদ চৌধুরীসহ নয় জনকে আটক করা হয়।
মতিঝিল থানার ওসি তোফাজ্জেল হোসেন মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাতে সাত জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১০০ থেকে ২০০ জনকে আসামী করে গাড়ি ভাংচুরের অভিযোগে মামলা করা হয়।
মঙ্গলবার দুপুরে আটকৃতদের মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। আসামীদের মধ্যে সংগঠনের সভাপতি, জ্যেষ্ঠ সহ-সভাপতি ও সাংগঠনিক সম্পাদক রয়েছেন।
এদিকে আদালত প্রাঙ্গণ থেকে মঙ্গলবার আরো ৫ জন বিনিয়োগকারীকে পুলিশ আটক করেছে বলে বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে জানিয়েছেন বিনিয়োগকারী ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক ফয়সল আহমেদ।
গাড়ী ভাংচুরের অভিযোগে সোমবার দুপুর সোয়া ১টার দিকে মতিঝিলে পেট্রোল পাম্পের কাছ থেকে মিজানুরসহ চার জনকে আটক করা হয় বলে জানান ওসি তোফাজ্জেল।
আটককৃত অপর বিনিয়োগকারীরা হলেন আব্দুল্লাহ আল মামুন, জাহাঙ্গীর আলী ও মাসুদ।
মতিঝিল থানার উপ-পরির্দশক (এসআই) মোস্তাফিজ জানান, ডিএসইর সামনে থেকে আরো পাঁচ জনকে আটক করা হয়। এরা হলেন জেষ্ঠ্য সহ সভাপতি কাজী নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এ কে এম শাহাদত হোসেন ফিরোজ, সরফরাজ হোসেন, মিজানুর রহমান ও আবদুল্লাহ।
সোমবার সকাল থেকেই পুঁজিবাজারে দরপতন শুরু হলে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারীরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে।
তারা ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনের রাস্তায় গাড়ির টায়ারে আগুন ধরিয়ে দেয়। তাদের মাথায় ছিলো কাফনের কাপড়।
সাড়ে ১২টার একটি মিছিল বের করে কেন্দ্রীয় ব্যাংকের সামনে যায় বিনিয়োগকারীরা। সেখান থেকে পুলিশ তাদের সরিয়ে দেয়। এরপর তারা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের দিকে মিছিল নিয়ে যেতে চাইলে সেখানেও পুলিশ বাধা দেয়।
পুলিশের অভিযোগ, এরপর বিক্ষোভকারীরা কয়েকটি গাড়ি ভাংচুর করে ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/আরবি/এসইউ/১৩৩৩ঘ.
bdnews24