ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে অব্যাহত দরপতনের পর সংশ্লিষ্টদের দাবির মধ্যে ব্যাংকগুলোর একক গ্রাহক ঋণসীমা সমন্বয়ের সময়সীমা আরো এক বছর বাড়ানো হয়েছে।
তারল্য বাড়াতে কেন্দ্রীয় ব্যাংকের এ সিদ্ধান্ত বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক এস কে সুর চৌধুরী সোমবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ব্যাংকের একক গ্রাহক ঋণসীমা সমন্বয়ের (সিঙ্গেল পার্টি এক্সপোজার) সময়সীমা ২০১২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
গত অগাস্ট মাসের মধ্যে সর্বোচ্চ ১৫ শতাংশ ঋণ সমন্বয়ের সময়সীমা বেঁধে দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক।
কিন্তু পুঁজিবাজারে তারল্য সঙ্কট দেখা দেওয়ায় বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে গত মে মাসে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে তাদের সাবসিডিয়ারি মার্চেন্ট ব্যাংকে দেওয়া ঋণ সমন্বয়ের সময় এ বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিলো।
এখন আরো এক বছর বাড়ানো হলো। বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অবশ্য এ সময়সীমা ২০১৪ পর্যন্ত বাড়ানোর দাবি জানিয়ে আসছিলো।
অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ এ হাফিজ রোববার বিডিনিউজ টায়েন্টিফোর ডটকমকে বলেন, তারল্য সঙ্কটের কারণে মার্চেন্ট ব্যাংকগুলো বিনিয়োগকারীদের ১ অনুপাত দশমিক ৫০ (এক টাকার বিপরীতে ৫০ পয়সা) হারের বেশি ঋণ দিতে পারছে না। তারল্য সঙ্কট কেটে গেলে ঋণ প্রবাহও বেড়ে যাবে।
বিভিন্ন ব্যাংক মার্চেন্ট ব্যাংকিং ও ব্রোকারেজ কার্যক্রম পরিচালনার জন্য নিজস্ব তহবিল থেকে বিভিন্ন সাবসিডিয়ারি প্রতিষ্ঠান চালু করেছে।
এসব প্রতিষ্ঠান পৃথক কার্যক্রম শুরু করায় ব্যাংকে সরবরাহ করা তহবিল এখন ঋণে পরিণত হয়েছে জানিয়ে কেন্দ্রীয় ব্যাংক বলছে, এই ঋণের পরিমাণ অধিকাংশ ক্ষেত্রে 'সিঙ্গেল বরোয়ার এক্সপোজার লিমিট' অতিক্রম করে গেছে।
অর্থাৎ একটি ব্যাংক এক জন গ্রাহককে সর্বোচ্চ যে অঙ্কের অর্থ ঋণ দিতে পারে, মার্চেন্ট ব্যাংকের ক্ষেত্রে ঋণ দেওয়া হয়েছে তার চেয়ে বেশি।
বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, ব্যাংক তার মূলধনের সর্বোচ্চ ১৫ শতাংশ অর্থ নিজস্ব মার্চেন্ট ব্যাংককে ঋণ হিসেবে দিতে পারে। যেসব ব্যাংক এই সীমার চেয়ে বেশি ঋণ দিয়েছে, তা ২০১২ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে নামিয়ে আনতে হবে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলেন, গত বছরের প্রায় পুরোটা সময় পুঁজিবাজার চাঙ্গা ছিলো। তখন কোনো কোনো ব্যাংক তার মূলধনের ২৫ শতাংশেরও বেশি অর্থ নিজস্ব মার্চেন্ট ব্যাংককে দিয়েছিলো। এই পরিপ্রেক্ষিতে অতিরিক্ত ঋণ সমন্বয়ের এই পদক্ষেপ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/আরবি/এমআই/১৪১৩ ঘ.
bdnews24