২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দরের ঊর্ধ্বগতি দিয়ে দিন শেষ করলো পুঁজিবাজার

বিক্ষোভ, ভাংচুরের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের একক গ্রাহক ঋণসীমা সমন্বয়ের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্তের পর দরের ঊর্ধ্বগতি দিয়েই দিন শেষ করেছে দেশের দুই পুঁজিবাজার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2011, 05:49 AM

Updated : 24 Aug 2022, 04:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিক্ষোভ, ভাংচুরের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের একক গ্রাহক ঋণসীমা সমন্বয়ের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্তের পর দরের ঊর্ধ্বগতি দিয়েই দিন শেষ করেছে দেশের দুই পুঁজিবাজার। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ৪০ পয়েন্ট পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৪১ পয়েন্টে। তবে আগের দিনের চেয়ে লেনদেন ২৩ কোটি টাকা কমে দাঁড়িয়েছে ৩৭৩ কোটি টাকায়। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বাছাই সূচক (সিএসসিএক্স) সূচক আগের দিনের চেয়ে ৫২ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৫৮০ পয়েন্টে দাঁড়িয়েছে। গত কয়েকদিনের ধারাবাহিকতায় সোমবার সকালে দরপতনের মাধ্যমে ঢাকার পুঁজিবাজারে লেনদেন শুরু হয়। ২০ মিনিটে সূচক ৮৯ পয়েন্ট কমে গেলে বিনিয়োগকারীরা রাস্তায় নেমে আসে। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে গত কয়েকদিন ধরে মতিঝিলে বিক্ষোভ চললেও সোমবার বিক্ষোভকারী সংখ্যা বেশি দেখা গেছে। ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারীরা রাস্তায় টায়ারে আগুন ধরিয়ে দেয়। তারা কাফনের কাপড় মাথায় বেঁধে বিক্ষোভ দেখাতে শুরু করে। বিক্ষোভ শুরুর পর থেকে শাপলা চত্বর থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত রাস্তায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। সাড়ে ১২টার দিকে বিনিয়োগকারীরা বাংলাদেশ ব্যাংকের দিকে এগোলে পুলিশ বাধা দেয়। এরপর তারা পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) দিকে রওনা হলে সেখানেও বাধা পায়। বিক্ষোভের সময় গাড়ি ভাংচুরের অভিযোগে দুপুর সোয়া ১টার দিকে পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজানুর রশীদ চৌধুরীকে আটক করে পুলিশ। এদিকে বিক্ষোভের মধ্যে খবর আসে ব্যাংকগুলোর একক গ্রাহক ঋণসীমা সমন্বয়ের সময়সীমা আরো এক বছর অর্থাৎ ২০১২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এরপরই দ্রুত ঊর্ধ্বমুখী হতে শুরু করে দুই বাজারে সূচক। লেনদেনেও গতি বাড়তে থাকে। বেলা ৩টার পর সড়কে গাড়ি চলাচলও শুরু হয়। দুপুর ২টা ১৫ মিনিটে ডিএসইতে সাধারণ সূচক ৮০ পয়েন্ট বেড়ে যায়। এরপর কিছুটা কমে ৪০ পয়েন্টে শেষ হয়। ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারীদের পাশাপাশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা একক গ্রাহক ঋণসীমা সমন্বয়ের সময় বাড়ানোর দাবি জানিয়ে আসছিলো। ইনভেস্টরস ফোরাম, চট্টগ্রামের যুগ্ম আহ্বায়ক এম এ কাদের এম এ কাদের বলেন, "এ সিদ্ধান্ত আগে নিলে পুঁজিবাজারে এতবড় ধস হতো না।" সোমবার ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮টির শেয়ারের, কমেছে ৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির। ঈদের ছুটির পর থেকেই দেশের প্রধান পুঁজিবাজারে দরপতনের এ ধারা চলছে। ৪ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ১১ কর্মদিবসের মধ্যে ৮ দিনই সূচক পড়েছে এই বাজারে। বাজার স্থিতিশীল করতে সংশি¬ষ্টদের সঙ্গে বৈঠক করে ইতোমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। মিউচুয়াল ফান্ডগুলোর ক্ষেত্রে একক শেয়ার ও খাতভিত্তিক শেয়ারে বিনিয়োগের নির্দিষ্ট সীমা তুলে দেওয়া হয়েছে। ব্যাংকগুলো থেকে দেওয়া মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউজগুলোর জন্য একক গ্রাহক ঋণসীমা সমন্বয়ের সময় এ বছরের ডিসেম্বর থেকে ২০১২ সালের ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এছাড়া ১ ডিসেম্বরের মধ্যে সব কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের অভিহিত মূল্য ১০ টাকা করার বিষয়েও আদেশ জারি করেছে এসইসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসআইটি/এমআই/১৫৫২ ঘ.