ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপ্রদর্শিত আয় বিনা প্রশ্নে পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ বহাল রয়েছে- এমন খবরের পর দেশের দুই পুঁজিবাজারেই সূচক ও লেনদেন বেড়েছে।
মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ সূচক ৮৪ পয়েন্ট বেড়ে হয়েছে ৫ হাজার ২৩৯ পয়েন্ট। আগের দিনের চেয়ে লেনদেন প্রায় ৬৩ কোটি টাকা বেড়ে হয়েছে ৪২৩ কোটি টাকা।
এদিন লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ২৩৮টির, কমেছে ১৮টির এবং অপরিবর্তিত ছিল ৮টির দাম।
পুঁজিবাজারে কালো টাকা বিনিয়োগের সুযোগ আর থাকছে না- এ শিরোনামে সোমবার একটি ইংরেজি দৈনিকে খবর প্রকাশিত হলে তার বিরূপ প্রভাব দেখা যায় পুঁজিবাজারে।
টানা চার দিন সূচক ঊর্ধ্বমুখী থাকলেও সোমবার দিন শেষে ডিএসইর সাধারণ সূচক ৭৭ পয়েন্ট কমে হয় ৫ হাজার ১৫৫ পয়েন্ট। ওইদিন লেনদেন হয় ৩৬০ কোটি টাকার শেয়ার, যা আগের কার্যদিবসের চেয়ে ১৪১ কোটি টাকা কম।
এদিন চট্টগ্রাম স্টেক এক্সচেঞ্জের বাছাই সূচক (সিএসসিএক্স) ১৬১ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৫৩৬ পয়েন্ট হয়েছে। লেনদেন হয়েছে ৪১ কোাটি ২৮ লাখ টাকার শেয়ার।
এ বাজারে লেনদেন হওয়া ১৯১টি শেয়ারের মধ্যে বেড়েছে ১৬৯টির দাম, ১৬টির কমেছে এবং ৬টির দাম অপরিবর্তিত ছিল।
অপ্রদর্শিত আয় বিনিয়োগের বিষয়টি নিয়ে মঙ্গলবার সকালেই সংবাদ সম্মেলন করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ।
প্রশ্ন ছাড়াই অপ্রদর্শিত অর্থ পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগের বিষয়ে তিনি বলেন, “বাজেটে যে সুবিধা দেওয়া হয়েছে, ২০১২ সালের জুন পর্যন্ত তা বহাল থাকবে। আগামী বাজেটে এ সুযোগ থাকবে কী না তা বাজেটের সময় চিন্তাভাবনা করা হবে।”
“এনবিআর পরিচালিত হয় আয়কর অধ্যাদেশ, মূল্য সংযোজন কর আইন ও শুল্ক আইনের মাধ্যমে। পুঁজিবাজারে প্রশ্ন ছাড়া অপ্রদর্শিত আয় বিনিয়োগের সুযোগ আয়কর অধ্যাদেশের অধীনে পড়ে। এক্ষেত্রে এনবিআরের পক্ষ থেকে কোনো ধরনের প্রশ্ন করা হবে না,” যোগ করেন তিনি।
মঙ্গলবার সকাল থেকেই সূচকের ঊর্দ্ধমুখী প্রবণতা দেখা যায় ঢাকা পুঁজিবাজারে, যা শেষ পর্যন্ত অব্যাহত থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে লেনদেনের পরিমাণও।
এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল- আর এন স্পিনিং, এসআইবিএল, লংকাবাংলা ফাইন্যান্স, কেয়া কসমেটিকস, পিপলস লিজিং, মার্কেন্টাইল ব্যাংক, গ্রামীণফোন, ইউনাইটেড এয়ার, ফুওয়াং ফুড এবং এমআই সিমেন্ট।
দেশের দুই পুঁজিবাজারে অব্যাহত দরপতনের মুখে গত ১৬ নভেম্বর সংশি¬ষ্টদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে নিতে এবং বাজারকে স্থিতিশীল করতে সংশি¬ষ্টদের নির্দেশ দেন। এরপর ২৩ নভেম্বর পুঁজিবাজারের জন্য প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
সরকারে বিভিন্ন পদক্ষেপে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে পুঁজিবাজারে অস্থিরতা কমে আসতে শুরু করেছে বলেই মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেকে/১৫৪০ ঘ.
bdnews24