২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অস্থিরতা কমছে পুঁজিবাজারে’

সপ্তাহের প্রথম দিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক সামান্য কমেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2011, 05:48 AM

Updated : 24 Aug 2022, 05:25 PM

রিয়াজুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত দুই সপ্তাহে দেশের পুঁজিবাজারে অস্থিরতা কমছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। এ বিষয়টিকে পুঁজিবাজারের জন্য ইতিবাচক বলেও মনে করছেন তারা। গত ৫ ডিসেম্বর থেকে রোববার পর্যন্ত নয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক ২১৬ পয়েন্টের মধ্যে ওঠানামা করেছে। এ সময়ের মধ্যে ১৩ ডিসেম্বর সর্বোচ্চ সূচক ছিল ৫ হাজার ৬৩ পয়েন্ট এবং সর্বনিু ছিল ৪ হাজার ৮৪৬ পয়েন্ট। এ সময়ে একদিনে সর্বোচ্চ লেনদেন হয়েছে ৪২১ কোটি টাকা এবং সর্বনিু হয়েছে ১৯৭ কোটি টাকা। বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ এ হাফিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাজার একটা ভিত্তির ওপর দাঁড়িয়েছে বলে মনে হচ্ছে। শেয়ারের অনেক ক্রেতা দেখা যাচ্ছে এখন এবং এদের সংখ্যা বাড়ছে।” ডিএসই সভাপতি শাকিল রিজভী বলেন, “বাজার ভালো হওয়ার পূর্ব শর্ত হলো আগে একটা জায়গায় দাঁড়াতে হবে। কিছুদিন একটা জায়গায় থাকলেই আস্তে আস্তে ভালো হবে।” অস্থিরতা কমে বাজার একটা জায়গায় দাঁড়ালে বিনিয়োগ সিদ্ধান্ত নিতে সুবিধা হয় বলে মনে করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিউচুয়াল ফান্ডের আহ্বায়ক ইয়াওয়ার সাঈদ। বিডিনিউজ টোয়েন্টিফোর তিনি বলেন, “অস্থিরতা থাকলে সিদ্ধান্ত নিতে কষ্ট হতো। কিন্তু এখন সিদ্ধান্ত নেয়া যায়।” গত বছরের ডিসেম্বর থেকে দরপতন শুরু হওয়ার পর এক বছর ধরে পুঁজিবাজারে অস্থিরতা চলছে। বাজারকে স্থিতিশীল করতে গত গত ১৬ নভেম্বর সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী। ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি পোষানো এবং বাজার স্থিতিশীল করতে সংশ্লিষ্টদের বিভিন্ন পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এরপর গত ২৩ নভেম্বর পুঁজিবাজারের জন্য একটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। প্যাকেজের মধ্যে প্রাতিষ্ঠানিক ও বিদেশি বিনিয়োগ আরো বাড়ানোর সুযোগ করে দেওয়া ছাড়াও তালিকাভূক্ত কোম্পানির উদ্যোক্তা, পরিচালকদের ন্যুনতম শেয়ার ধারণের বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। উদ্যোক্তা, পরিচালকরা ইতোমধ্যে শেয়ার কেনার ঘোষণা দেয়ায় তার ইতিবাচক প্রভাব বাজারে পড়তে শুরু করেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। রোববারের বাজার চিত্র রোববার দিনভর সূচকের ওঠানামা চলে। তবে দিনশেষে ডিএসই সাধারণ সূচক ৩ দশমিক ৮ পয়েন্ট কমে ৪ হাজার ৯৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে প্রায় ২১০ কোটি টাকা। লেনদেন হওয়া কোম্পানিগুলোর শেয়ার মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১১৮টির, কমেছেও ১১৮টির। বদলায়নি ১৮টির দাম। বৃহস্পতিবার ডিএসই সাধারণ সূচক প্রায় ৩১ পয়েন্ট বাড়ে। লেনদেন হয় প্রায় ২১৬ কোটি টাকা। রোববারের বাজার সম্পর্কে জানতে চাওয়া হলে মোহাম্মদ এ হাফিজ বলেন, “রোববারও ব্যাংক খাত থেকে বিনিয়োগ করা হয়েছে। শেয়ারের প্রচুর ক্রেতাও ছিল এদিন। তবে তারা অ্যাগ্রেসিভ ছিল না।” এছাড়া সকালে মতিঝিলে বোমা বিস্ফোরণে একজনের মৃত্যুর ঘটনা লেনদেন কমার একটি কারণ বলেও বাজার সংশ্লিষ্ট একজন জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১৯০৮ ঘ.