২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূচক কমলেও লেনদেন বেড়েছে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রথম ঘণ্টায় সূচক বাড়লেও পরের তিন ঘণ্টায় তা পড়ে গেছে। তবে সূচক কমলেও বেড়েছে লেনদেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2011, 05:44 AM

Updated : 24 Aug 2022, 05:23 PM

ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রথম ঘণ্টায় সূচক বাড়লেও পরের তিন ঘণ্টায় তা পড়ে গেছে। তবে সূচক কমলেও বেড়েছে লেনদেন। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রথম ঘণ্টায় সাধারণ সূচক প্রায় ১২০ পয়েন্ট বাড়ে। এর পর থেকে সূচক কমতে থাকে। দিনশেষে ডিএসই সাধারণ সূচক প্রায় ৯৪ পয়েন্ট কমে ৪ হাজার ৯৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে প্রায় ৪২১ কোটি টাকার, যা গতদিনের চেয়ে ৯৪ কোটি টাকা বেশি। লেনদেন হওয়া কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ২১৮টির দাম কমেছে। বেড়েছে ৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টির দাম। নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্দেশনা মেনে মঙ্গলবার ৩টি ব্যাংকসহ ৬টি কোম্পানির উদ্যোক্তা পরিচালকরা পুঁজিবাজার থেকে তাদের কোম্পানির প্রায় ২৫ লাখ ৪৫ হাজার শেয়ার কেনার ঘোষণা দেয়। এর আগে সোমবার দুটি কোম্পানির ৩ জন উদ্যোক্তা পরিচালক ৪ লাখ ৩৫ হাজার এবং রোববার দুটি কোম্পানির একজন উদ্যোক্তা পরিচালক পুঁজিবাজার থেকে তাদের কোম্পানির ১০ লাখ শেয়ার বাজারমূল্যে কেনার ঘোষণা দেন। এসব ঘোষণার পর মঙ্গলবার শুরু থেকেই বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়, যা দিনশেষে অব্যাহত থাকে। মঙ্গলবার ডিএসই সাধারণ সূচকে যোগ হয় প্রায় ২১৩ পয়েন্ট। মঙ্গলবার ডিএসইর প্রকাশ করা হালনাগাদ তালিকা অনুযায়ী, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ১ হাজার ৪৯১ পরিচালকের কাছে ২ শতাংশের কম শেয়ার রয়েছে। এদের মধ্যে ১ হাজার ৯২ জন পরিচালকের শেয়ার ১ শতাংশের কম। উদ্যোক্তা ও পরিচালকদের কাছে সম্মিলিতভাবে কোম্পানির ৩০ শতাংশের কম শেয়ার থাকা কোম্পানির সংখ্যা ৩৮টি। দেশের দুই পুঁজিবাজারে অব্যাহত দরপতনের মুখে গত ১৬ নভেম্বর সংশি¬ষ্টদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে নিতে এবং বাজারকে স্থিতিশীল করতে সংশি¬ষ্টদের নির্দেশ দেন। এরপর টানা পাঁচ দিন পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবনতা থাকে। কিন্তু ২৩ নভেম্বর প্রণোদনা প্যাকেজ ঘোষণার দিন থেকেই বাজার আবার পতনের ধারায় ফিরে আসে। দরপতনের এই ধারা চলে গত দুই সপ্তাহ ধরেই। গত সপ্তাহে সাধারণ সূচক কমেছে ৩০৪ পয়েন্ট বা ৫ দশমিক ৮১ শতাংশ। তার আগের সপ্তাহে পুঁজিবাজারের জন্য সরকারের প্রণোদনা প্যাকেজ ঘোষণার পর সাধারণ সূচক কমেছিল ১৩৬ পয়েন্ট। টানা ছয় দিন দরপতনের পর সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক ৩ পয়েন্ট বাড়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৫১৯ ঘ.