২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে দরপতনের ধারা চলছেই

প্রথম ভাগে সূচক কমার পর শেষভাগে এসে তা বাড়লেও ঢাকার পুঁজিবাজারের লেনদেন শেষ হয়েছে দরপতন দিয়েই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2011, 05:41 AM

Updated : 24 Aug 2022, 05:20 PM

ঢাকা, ডিসেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম ভাগে সূচক কমার পর শেষভাগে এসে তা বাড়লেও ঢাকার পুঁজিবাজারের লেনদেন শেষ হয়েছে দরপতন দিয়েই। দেশের সবচেয়ে বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার লেনদেন শুরুর পর সূচক কমতে থাকে। দুপুর ১টা পর্যন্ত সূচক প্রায় ১৫০ পয়েন্ট কমে। এরপর সূচক ঊর্ধ্বমুখী হলেও লেনদেন শেষে সাধারণ সূচক গতদিনের চেয়ে কমেছে। দিন শেষে সাধারণ সূচক ২০ দশমিক ৪৮ পয়েন্ট কমে ৫ হাজার ৩১ দশমিক ১৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১১৩টির, কমেছে ১২২টির এবং বদলায়নি ১৯টির। লেনদেন হয়েছে প্রায় ২৭৪ কোটি টাকার। দুপুর ১টা পর্যন্ত দরপতনের প্রতিবাদে ডিএসইর সামনে বেলা সাড়ে ১২টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বিক্ষোভ করেছে ক্ষুদ্র বিনিয়োগকারীরা। বিক্ষোভের কারণে ডিএসইর সামনের রাস্তায় কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে। সোমবার ডিএসই সাধারণ সূচক কমে ১০৯ পয়েন্ট। রোববার কমেছিল ৭৫ পয়েন্ট। পুঁজিবাজারের জন্য সরকারের প্রণোদনা প্যাকেজ ঘোষণার পর গত সপ্তাহে সাধারণ সূচক কমেছিল ১৩৬ পয়েন্ট। মঙ্গলবার পুঁজিবাজারে লেনদেন বন্ধ ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসইউ/১৫১৯ ঘ.