২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার দরপতনের ধারায় পুঁজিবাজার

পুঁজিবাজার নিয়ে প্রধামন্ত্রীর বৈঠকের খবরে এক সপ্তাহ ইতিবাচক ধারায় থাকলেও আবার দরপতন শুরু হয়েছে ঢাকার পুঁজিবাজারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2011, 05:41 AM

Updated : 24 Aug 2022, 05:19 PM

ঢাকা, ডিসেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পুঁজিবাজার নিয়ে প্রধামন্ত্রীর বৈঠকের খবরে এক সপ্তাহ ইতিবাচক ধারায় থাকলেও আবার দরপতন শুরু হয়েছে ঢাকার পুঁজিবাজারে। গত সপ্তাহে সূচকের পতনের পর চলতি সপ্তাহের প্রথম দুই দিনেও তা কমেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। সোমবার ডিএসই সাধারণ সূচক ১০৯ পয়েন্ট কমে হয়েছে ৫ হাজার ৫১ পয়েন্ট। রোববার কমেছিল ৭৫ পয়েন্ট। পুঁজিবাজারের জন্য সরকারের প্রণোদনা প্যাকেজ ঘোষণার পর গত সপ্তাহে সাধারণ সূচক কমেছিল ১৩৬ পয়েন্ট। সরকারের সর্বোচ্চ পর্যায়ের হস্তক্ষেপের পর পুঁজিবাজার আবার দরপতন শুরু হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। মাসুম হোসেন নামে একজন বিনিয়োগকারী বলেন, “বাজারের সূচক প্রতিদিনই বাড়–ক এটা আমরা চাই না। আমরা চাই একটি স্থিতিশীল পুঁজিবাজার। কিন্তু এতো উদ্যোগের পরও তা কোনোভাবেই হচ্ছে না কেন, সেটা বুঝতে পারছি না।” তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সাবেক চেয়ারম্যান এবি মির্জ্জা আজিজুল ইসলামও এই দরপতনের কোনো কারণ খুঁজে পাচ্ছেন না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমি আগেও বলেছি, এখনো বলছি, বর্তমানে পুঁজিবাজারের দরপতনের যৌক্তিক কোনো কারণ নেই। বাজারে বিনিয়োগযোগ্য অনেক শেয়ার রয়েছে, যেগুলোতে বিনিয়োগ করার যথাযথ সময় এখন।” প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের দিকে তাকিয়ে না থেকে বিনিয়োগকারীদের এখনই বিনিয়োগ করা উচিৎ বলে মনে করেন তিনি। বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ এ হাফিজ বলেন, “দরপতনের তেমন কোনো কারণ দেখছি না। তবে মনে হয়, বিনিয়োগকারীদের আস্থা এখনও পুরোপুরি তৈরি হয়নি।” ব্যাংক বিনিয়োগ করছে জানিয়ে তিনি বলেন, “আমি যতদুর জানি আজকেও কয়েকটি ব্যাংক শেয়ার কিনেছে। তারা হয়তো অ্যাগ্রেসিভভাবে কিনছে না। কিন্তু তারা কিনছে।” রোববার লেনদেন হওয়া কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ২১৩টিরই দাম কমেছে। বেড়েছে ২৪টির এবং বদলায়নি ৯টির দাম। লেনদেন হয়েছে প্রায় ২২৩ কোটি টাকার। পুঁজিবাজারে টানা দরপতনের প্রতিবাদে দুপুর দুইটার দিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে বিক্ষোভ করে ক্ষুদ্র বিনিয়োগকারীরা। বিক্ষোভের কারণে ডিএসই-এর সামনের রাস্তা দেড় ঘণ্টা বন্ধ থাকে। এদিকে পুঁজিবাজারে স্থিতিশীলতা আনার দাবিতে ৭ ডিসেম্বর ডাকা মহাসমাবেশ স্থগিত করেছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ। সোমবার এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি মিজান উর রশীদ চৌধুরী জানান, ১১ জানুয়ারি এই মহাসমাবেশ হবে। সংবাদ সম্মেলনে পুঁজিবাজার স্থিতিশীল করতে ১০ দফা দাবি জানানো হয়। টানা দরপতন ও বিনিয়োগকারীদের বিক্ষোভের পর গত ১৬ নভেম্বর পুঁজিবাজার সংশি¬ষ্টদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জরুরি বৈঠক থেকে ‘যা যা প্রয়োজন’ তা করার ঘোষণা আসে। এর ধারাবাহিকতায় পুজিবাজার স্থিতিশীল করতে নিয়ন্ত্রক সংস্থা এসইসি ২৩ নভেম্বর প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে। তবে এই প্যাকেজ ঘোষণার পর পুঁজিবাজারে সূচক ও লেনদেন দুটোই কমেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এফএফএস/এসইউ/১৮৩৪ ঘ.