ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শুরু থেকেই ওঠানামা করা সূচক শেষভাগে এসে কমেছে। লেনদেন গতদিনের চেয়ে কমেছে।
মঙ্গলবার ডিএসই সাধারণ সূচকের ওঠানামা চলে পৌনে একটা পর্যন্ত। এর পর থেকে তা পড়তে শুরু করে। দুপুর ২টা ২০ মিনিটের দিকে আবার সূচক কিছুটা ওপরের দিকে উঠলেও শেষভাগে এসে তা আবার পড়ে যায়।
তবে সূচকের ওঠানামার ব্যবধান ছিল অল্প - ১২৫ পয়েন্ট। সোমবার সূচকের সর্বোচ্চ ও সর্বনিু অবস্থানের ব্যবধান ছিল ৩১৬ পয়েন্ট।
লেনদেন শেষে সাধারণ সূচক ৭০ পয়েন্ট কমে ৫ হাজার ১৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময় পর্যন্ত হাতবদল হওয়া মিউচুয়াল ফান্ড ও শেয়ারের মধ্যে দাম বেড়েছে ৫০টির, কমেছে ২০০টির এবং বদলায়নি ৭টির।
মঙ্গলবার লেনদেন হয়েছে ২৫৫ কোটি টাকার, যা আগের দিনের চেয়ে প্রায় ৭৭ কোটি টাকা কম। সোমবার ডিএসইতে হাতবদল হয় ৩৩১ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার।
দরপতনের প্রতিবাদে দুপুরে ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনের চত্বরে পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা বিক্ষোভ করে।
ব্যাপক দরপতনের মধ্য দিয়ে সোমবার লেনদেন শুরু হলেও দিনশেষে ডিএসই সূচক ১৬০ পয়েন্ট বেড়েছিল। রোববার ডিএসই সাধারণ সূচক ৩০৮ পয়েন্ট কমে।
বৃহস্পতিবার অভিহিত মূল্য পরিবর্তনের রেকর্ড তারিখের জন্য সোমবার থেকে ডিএসইতে স্পট মার্কেটে লেনদেন হচ্ছে ১৩৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এটাও লেনদেন কমার কারণ বলে মনে করছেন বিশ্লেষকেরা।
টানা দরপতন ও বিনিয়োগকারীদের বিক্ষোভের পর গত ১৬ নভেম্বর পুঁজিবাজার সংশি¬ষ্টদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জরুরি বৈঠক থেকে ‘যা যা প্রয়োজন’ তা করার ঘোষণা আসে। এর ধারাবাহিকতায় পুজিবাজার স্থিতিশীল করতে নিয়ন্ত্রক সংস্থা এবং কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ঘোষণা দেয়।
ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও স্বল্প পুঁজির বিনিয়োগকারীদের ক্ষতি মেটানোর উপায় বের করতে রোববার আইসিবির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ফায়েকুজ্জামানের নেতৃত্বে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
বৃহস্পতিবার পুঁজিবাজারে বাণিজ্যিক ব্যাংক ও মার্চেন্ট ব্যাংকের বিনিয়োগ বাড়ানোর সুযোগ করে দিতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) প্রণোদনা প্যাকেজের চারটি বিষয়ে সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক।
এর আগে বুধবার পুঁজিবাজারে বাণিজ্যিক ব্যাংক, মার্চেন্ট ব্যাংক ও বিদেশি বিনিয়োগ আরো বাড়ানোর সুযোগ করে করে দিয়ে প্রণোদনা প্যাকেজ ঘোষণা দেয় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
গত মঙ্গলবার পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের ৩০ শতাংশ শেয়ার রাখার বাধ্যবাধকতা আরোপ করে এসইসি।
২১ নভেম্বর এনবিআর এক ব্যাখ্যায় জানায়, পুজিবাজারে অপ্রদর্শিত আয় বা কালো টাকা বিনিয়োগ করলে কোনো প্রশ্ন তোলা হবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৫২২ ঘ.
bdnews24