ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-পুঁজিবাজার স্থিতিশীল করার দাবিতে এসইসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেছে ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারীরা। তারা এসইসি চেয়ারম্যানের হাতে ১০ দফা দাবি সম্বলিত স্মারকলিপিও দিয়েছে।
লেনদেনের শুরুতে দরপতনের প্রতিবাদে বেলা সোয়া ১২টার দিকে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ ও ফেডারেশন অব বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টরস ফোরামের ব্যানারে ডিএসইর সামনে বিক্ষোভ করে ক্ষুদ্র বিনিয়োগকারীরা।
দুপুর একটার দিকে তারা মিছিল নিয়ে এসইসি কার্যালয়ের সামনে যায়। দুপুর ২টার দিকে দুই সংগঠনের ১০ প্রতিনিধির সঙ্গে এসইসি চেয়ারম্যান এম খায়রুল হোসেন ও সদস্যরা বৈঠক শুরু করেন।
এ সময় বিপুল সংখ্যাক বিনিয়োগকারী এসইসি কার্যালয়ের সামনের রাস্তায় বিক্ষোভ করলে দিলকুশা এলাকার এই প্রবেশপথটি বন্ধ হয়ে যায়। বিক্ষুদ্ধ বিনিয়োগাকারীরা মাইকে শ্লোগান ও বক্তৃতা দেয়।
দুপুর আড়াইটায় বৈঠকে শেষে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজান-উর-রশীদ বলেন,
“এত প্রণোদনার পরও বাজার কেন পড়ছে তার কারণ খুঁজে বের করার জন্য আমরা অনুরোধ করেছি। এছাড়া যেসব প্রতিষ্ঠান ফোর্স সেল করছে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নিতে বলেছি।”
তিনি জানান, এসইসি চেয়ারম্যান তাদের দাবি-দাওয়া বিবেচনার আশ্বাস দিয়েছে।
এর আড়ে এসইসির কাছে ফেডারেশন অব বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টরস ফোরামের দেওয়া স্মারকলিপিতে ২০১১ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মার্জিন ঋণের সুদ মওকুফ এবং ২০১২ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সব সুদ স্থগিত করার দাবি জানানো হয়।
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের ৩০ শতাংশ শেয়ার রাখার বাধ্যবাধকতা ছয় মাসের বদলে এক মাসের মধ্যে বাস্তবায়ন করাও দাবি জানানো হয়। এ ব্যাপারে দ্রুত প্রজ্ঞাপন জারি করতে এসইসির কাছে বিনিয়োগকারীরা দাবি জানান।
মঙ্গলবার পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের ৩০ শতাংশ শেয়ার রাখার বাধ্যবাধকতা আরোপ করে এসইসি।
ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও স্বল্প পুঁজির বিনিয়োগকারীদের ক্ষতি মেটানোর উপায় বের করতে রোববার আইসিবির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ফায়েকুজ্জামানের নেতৃত্বে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
এর আগে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকের (বিএবি) সভাপতি নজরুল ইসলাম মজুমদার এসইসি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে আসেন। তিনি এসইসি থেকে বেরিয়ে যাওয়ার সময় বিক্ষোভরত সাধারণ বিনিয়োগকারীদের ক্ষোভের মুখে পড়েন।
শ্লোগানরত বিনিয়োগকারীরা পুলিশের পাহারা সত্ত্বেও তাকে ঘিরে ধরে মাইকে বক্তব্য দেওয়ার অনুরোধ করে। তারা পতনের কারণ ও ব্যাংকের বিনিয়োগ সম্পর্কে তার কাছে ব্যাখ্যা দাবি করেন।
এ সময় বিএবি সভাপতি জানান, এসইসি চেয়ারম্যানের অনুরোধে তিনি এসইসিতে এসেছেন। প্রণোদনা প্যাকেজ কিভাবে ব্যাংকগুলোর সহযোগিতায় বাস্তবায়ন করা যায় তা এসইসি চেয়ারম্যান জানতে চেয়েছেন। বিএবির পক্ষ থেকে তিনি যাবতীয় সহায়তার আশ্বাস দিয়েছেন।
প্রণোদনাগুলো বাস্তবায়ন হলে বাজার ভালো হয়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ব্যাংকগুলো শেয়ার কিনছে না কেন- বিনিয়োগকারীদের এ প্রশ্নের জবাবে তিনি কিছুটা উত্তেজিত হয়ে বলেন, বললেই তো আর একটা ব্যাংক পাঁচশ কোটি টাকার শেয়ার কিনতে পারবে না। একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে ব্যাংককে শেয়ার কিনতে হয়। আপনারা খোঁজ নিয়ে দেখেন, প্রতিটি ব্যাংক শেয়ার কিনছে।
কিছূদিন আগে বিএবি সভাপতি ব্যাংক ও বীমা প্রতিষ্ঠানের সমন্বয়ে একটি মিউচুয়্যাল ফান্ড গঠনের ঘোষণা দিয়েছিলেন। এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি জানান, ফান্ডটি প্রক্রিয়াধীন রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এসআইটি/এসইউ/১৯০০ঘ.
bdnews24