ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অভিহিত মূল্য বদলানোর রেকর্ড তারিখের জন্য বৃহস্পতিবার পুঁজিবাজারে তালিকাভূক্ত শতাধিক কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন বন্ধ থাকবে।
ওইসব কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড সোম, মঙ্গল ও বুধবার স্পট মার্কেটে লেনদেন হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান নির্বাহী কর্মকর্তা জহুরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যেসব কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের অভিহিত মূল্য পরিবর্তন করে ১০ টাকা করা হবে, সেসবের লেনদেন বৃহস্পতিবার বন্ধ থাকবে।”
এসব কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড সোমবার থেকে স্পট মার্কেটে লেনদেন হবে জানিয়ে তিনি বলেন, “রেকর্ড তারিখের আগে তিনদিন স্পটে থাকতে হয়।”
পুঁজিবাজারে তালিকাভুক্ত সব প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা করতে গত ১৫ সেপ্টেম্বর আদেশ জারি করে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
এসইসির আদেশ অনুযায়ী, যেসব প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা নয়, তাদের জন্য আগামী ১ ডিসেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে। আর ৪ ডিসেম্বর থেকে ১০ টাকা অভিহিত মূল্যে সব প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) জনসংযোগ কর্মকর্তা শফিকুর রহমান জানান, বর্তমানে ডিএসইতে মোট তালিকাভূক্ত কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের সংখ্যা ২৭১টি। এরমধ্যে ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ার ও মিউচুয়াল ফান্ড রয়েছে ১৩৩টি।
বাকি ১২৪টি কোম্পানির শেয়ার ও ১৪টি মিউচুয়াল ফান্ডের অভিহিত মূল্য পরিবর্তন করে ১০ টাকা করতে হবে।
এসইসির নির্দেশনা অনুযায়ী, প্রায় সব কোম্পানিই অভিহিত মূল্য পরিবর্তন করে ১০ টাকা করার ঘোষণা দিয়েছে।
তবে ১০ টাকা অভিহিত মূল্য নয় এমন কোনো কোম্পানি ঘোষণা দিতে বাকি আছে কি না, তার হিসাব পাওয়া যায়নি।
ডিএসই সভাপতি শাকিল রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোমবার এ বিষয়ে আমরা সভা করব। তারপরই বলতে পারব কোনো কোম্পানি বাকি থাকলো কি না।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/২১০৩ঘ.
bdnews24