ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজার স্থিতিশীল করতে এসইসি ঘোষিত প্যাকেজকে স্বাগত জানিয়ে তা বাস্তবায়নে একমত হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিলাররা।
শনিবার রাজধানীর নিকুঞ্জে ডিএসই টাওয়ারে ডিলার সম্মেলন এ সিদ্ধান্ত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ডিএসইর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “ডিলার অ্যাকাউন্টের মাধ্যমে কিভাবে পুঁজিবাজারকে গতিশীল ও কার্যকর করা যায় এবং ভবিষ্যতে আর কি করণীয় আছে, সেই বিষয়ে এই সম্মেলনে সব ডিলারদের মতামত গ্রহণ করা হয়েছে।”
“সম্মেলনে এসইসি কর্তৃক প্রণোদনা প্যাকেজ ঘোষণাকে স্বাগত জানান এবং তা বাস্তবায়নের লক্ষ্যে সব ডিলাররা একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।”
পুঁজিবাজারে অব্যাহত দরপতনের মুখে গত ১৬ নভেম্বর পুঁজিবাজার সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠকে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা এবং পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরাতে দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এরই আলোকে বুধবার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী তিন ধরণের প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
প্যাকেজে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বিশেষ করে ব্যাংক, মার্চেন্ট ব্যাংক ও ইন্স্যুরেন্স এবং বিদেশী বিনিয়োগকারীদের জন্য নানা ধরণের সুযোগ সৃষ্টি করে দেওয়া হয়েছে।
ডিলার সম্মেলনে সভাপতিত্ব করেন ডিএসইর সভাপতি শাকিল রিজভী। এ সময় ডিএসইর জ্যেষ্ঠ সহ-সভাপতি, সহ-সভাপতি ও পরিচালনা পর্ষদের সব সদস্যসহ ডিলাররা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১৯১৯ ঘ.
bdnews24