ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারের স্থিতিশীলতা ফেরাতে ও বিনিয়োগকারীদের ক্ষতি পোষাতে বিকাল ৪টায় প্রণোদনা প্যাকেজ ঘোষণা করবে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর জেষ্ঠ্য প্রতিবেদক রিয়াজুল বাশার জানান, ইতোমধ্যেই বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা এসইসি সভাকক্ষে হাজির হয়েছেন। এসইসি সভার জন্যে প্রস্তুতি নিচ্ছে বলে কর্মকর্তারা সাংবাদিকদের জানিয়েছেন।
এই ঘোষণায় দীর্ঘমেয়াদী স্থিতিশীল পুঁজিবাজার গঠনে বেশকিছু পদক্ষেপ নেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
টানা দরপতন ও বিনিয়োগকারীদের বিক্ষোভের পর ১৬ নভেম্বর পুঁজিবাজার সংশি¬ষ্টদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জরুরি বৈঠক থেকে ‘যা যা প্রয়োজন’ তা করার ঘোষণা আসে।
বাজার সংশি¬ষ্টদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের ধারাবাহিকতায় ২০ নভেম্বর বৈঠক করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ বৈঠক শেষে পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরাতে এবং ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে দিতে ‘প্রণোদনা প্যাকেজ’ ঘোষণার করা বলা হয়।
এর দুদিন পরে মঙ্গলবার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন- এসইসির বৈঠক শেষে জানানো হয়, পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরাতে এবং ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে দিতে ‘প্রণোদনা প্যাকেজ’ বুধবার বিকেলে ঘোষণা করা হবে।
একই সভায় পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের কাছে সম্মিলিতভাবে ওই কোম্পানির ৩০ শতাংশ শেয়ার রাখা বাধ্যতামূলক করে এসইসি।
এর আগে সোমবার জাতীয় রাজস্ব বোর্ড এক ব্যাখ্যায় জানায়, পুঁজিবাজারে অপ্রদর্শিত আয় বা কালো টাকা বিনিয়োগ করলে কোনো প্রশ্ন তোলা হবে না।
দরপতন ও বিনিয়োগকারীদের বিক্ষোভের পর পুঁজিবাজার সংশি¬ষ্টদের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠকের খবরে সেদিন থেকেই লেনদেনে ইতিবাচক ধারা দেখা দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসআইটি/এসইউ/১৫৩৫ঘ.
bdnews24