২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসই: দরপতনের দিনে হাজার কোটি টাকার লেনদেন

বাজার স্থিতিশীল করতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নানা উদ্যোগের পর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন এক হাজার কোটি টাকা ছাড়ালেও সূচক কমেছে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2011, 05:20 AM

Updated : 25 Apr 2022, 11:58 PM

ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাজার স্থিতিশীল করতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নানা উদ্যোগের পর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন এক হাজার কোটি টাকা ছাড়ালেও সূচক কমেছে। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে হাতবদল হয় এক হাজার ৫১ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার, যা গত দিনের চেয়ে প্রায় আড়াইশ কোটি টাকা বেশি। এর আগে পহেলা অগাস্ট সর্বশেষ এক হাজার কোটি টাকার ওপর লেনদেন হয়েছিল। মঙ্গলবার লেনদেন হয়েছিল ৮০২ কোটি টাকার শেয়ার। বুধবার বিকেলে ‘প্রণোদনা প্যাকেজ’ দেওয়ার ঘোষণার প্রেক্ষাপটে লেনদেন শুরুর পর ডিএসই সাধারণ সূচক ৫ মিনিটেই ১৯৪ পয়েন্ট বেড়ে যায়। এর পর থেকে অবশ্য সূচক কমতে থাকে। লেনদেন শেষে সূচক ২২৪ দশমিক ৩০ পয়েন্ট কমে ৫ হাজার ৩৭২ দশমিক ৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে। টানা পাঁচ দিন সূচক বাড়ার পর ডিএসইতে সূচক কমল। বুধবার লেনদেন হওয়া মিউচুয়াল ফান্ড ও শেয়ারের মধ্যে দাম বেড়েছে ২৪টির এবং কমেছে ২৩৩টির। বদলায়নি ২টির দর। টানা দরপতন ও বিনিয়োগকারীদের বিক্ষোভের পর গত বুধবার পুঁজিবাজার সংশি¬ষ্টদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জরুরি বৈঠক থেকে ‘যা যা প্রয়োজন’ তা করার ঘোষণা আসে। বাজার সংশি¬ষ্টদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের ধারাবাহিকতায় রোববার বৈঠক করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ বৈঠক শেষে পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরাতে এবং ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে দিতে ‘প্রণোদনা প্যাকেজ’ ঘোষণার করা বলা হয়। মঙ্গলবার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন- এসইসির বৈঠক শেষে জানানো হয়, পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরাতে এবং ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে দিতে ‘প্রণোদনা প্যাকেজ’ বুধবার বিকেলে ঘোষণা করা হবে। একই সভায় পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের কাছে সম্মিলিতভাবে ওই কোম্পানির ৩০ শতাংশ শেয়ার রাখা বাধ্যতামূলক করে এসইসি। সোমবার এনবিআর এক ব্যাখ্যায় জানায়, পুঁজিবাজারে অপ্রদর্শিত আয় বা কালো টাকা বিনিয়োগ করলে কোনো প্রশ্ন তোলা হবে না। দরপতন ও বিনিয়োগকারীদের বিক্ষোভের পর পুঁজিবাজার সংশি¬ষ্টদের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠকের খবরে গত বুধবার থেকেই লেনদেনে ইতিবাচক ধারা দেখা দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৫১৬ঘ.