ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের দ্বিতীয় দিনেও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে ইতিবাচক ধারা দেখা গেছে। দিনভর ওঠানামর পর সূচক সামান্য বাড়লেও লেনদেন ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে।
রোববার রাতে পুঁজিবাজার সংশ্লিষ্টদের নিয়ে অর্থমন্ত্রীর বৈঠকের পর জানানো হয়, পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ ‘উদ্ধারে’ দুই-এক দিনের মধ্যে একগুচ্ছ সিদ্ধান্ত ঘোষণা করা হবে।
এই ঘোষণার প্রেক্ষাপটে সোমবার লেনদেন শুরু থেকেই লেনদেনে গতি দেখা দেয়। হাতবদল হয়েছে ৫১৯ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার, যা গত দিনের চেয়ে প্রায় ৪৪ কোটি টাকা বেশি। রোববার ডিএসইতে লেনদেন হয় ৪৭৫ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার।
বেলা ১১টায় লেনদেন শুরুর পরপরই ঢাকা স্টক এক্সচেঞ্জ সাধারণ সূচক ৭০ পয়েন্ট পড়ে যায়। এর কিছু পরেই বাজার ঘুরে দাঁড়িয়ে ১০ পয়েন্ট যোগ হয়। এর পরও সূচকের ওঠানামা চলতে থাকে।
দিন শেষে সাধারণ সূচক ৯ দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩২২ দশমিক ৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময় পর্যন্ত হাতবদল হওয়া শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১২৯টির, কমেছে ১২১টির। বদলায়নি ৬টির দর।
ক্যাপিটাল মার্কেট জার্নাালিস্ট ফোরামের সভাপতি জিয়াউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাজারে আজ কিছুটা বিক্রি প্রবণতার কারণে বাজার এভাবে ওঠানামা করছে। গত মঙ্গলবারে যারা শেয়ার কিনেছিলেন, সেগুলো ম্যাচিউরড হয়েছে। আবার তারা ১০ শতাংশের বেশি লাভেও রয়েছেন। এ কারণে অনেকেই লাভ তুলে নিতে শেয়ার বিক্রি করছেন। আবার সরকারের ঘোষণা আসতে দেরি হওয়ায় অনেক ক্রেতারাও কিছুটা ধীরস্থির পদক্ষেপ নিচ্ছেন।”
টানা দরপতন ও বিনিয়োগকারীদের বিক্ষোভের পর গত বুধবার পুঁজিবাজার সংশি¬ষ্টদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জরুরি বৈঠক থেকে ‘যা যা প্রয়োজন’ তা করার ঘোষণা আসে।
এরই ধারাবাহিকতায় রোববার রাতে পুঁজিবাজার সংশি¬ষ্টদের নিয়ে বৈঠক করেন অর্থমন্ত্রী। বৈঠক শেষে জানানো হয়, ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার জন্য এবং বাজার স্থিতিশীল করতে একটি সমন্বিত প্যাকেজ ঘোষণা করা হবে।
প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর নির্দেশনা মেনে এসইসি প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে জানান সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সদস্য হেলাল উদ্দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৫৩০ ঘ.
bdnews24