২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাইট শেয়ার ইস্যুর বিধিমালা অনুমোদন

প্রিমিয়ামসহ রাইট শেয়ার ইস্যু করতে হলে কোনো কোম্পানিকে আগের তিন বছর লাভে থাকতে হবে। এই নিয়মসহ নতুন কিছু বিষয় সংযোজন করে রাইট শেয়ার ইস্যুর বিধিমালা অনুমোদন করেছে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2011, 01:04 PM

Updated : 24 Aug 2022, 04:41 PM

ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রিমিয়ামসহ রাইট শেয়ার ইস্যু করতে হলে কোনো কোম্পানিকে আগের তিন বছর লাভে থাকতে হবে। এই নিয়মসহ নতুন কিছু বিষয় সংযোজন করে রাইট শেয়ার ইস্যুর বিধিমালা অনুমোদন করেছে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। মঙ্গলবার এসইসি-এর বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মুখপাত্র সাইফুর রহমান। সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ রাইটস ইস্যু রুলস ২০০৬ নামের বিধিমালাটি এর আগে জনমত জরিপে পাঠানো হয়েছিল। কিছু পরিবর্তনের পরে তা অনুমোদন দেওয়া হয়েছে। সাইফুর রহমান জানান, বিধিমালাটিতে কয়েকটি বিষয় নতুন সংযোজন করা হয়েছে। এখন থেকে কোনো কোম্পানি প্রিমিয়ামসহ রাইট শেয়ার ইস্যু করতে হলে তার আগের তিন বছরে লাভের রেকর্ড থাকতে হবে। প্রিমিয়াম নিতে হলে প্রতিষ্ঠানটির অবশ্যই ক্রেডিট রেটিং ইস্যু থাকতে হবে। রাইট অফারের ঘোষণা এসইসি ও দুই স্টক এক্সচেঞ্জের পাশাপাশি কোম্পানির ওয়েবসাইটে থাকতে হবে। এসইসির অনুমোদনের তিন কর্মদিবসের মধ্যে এই ঘোষণা ওয়েবসাইটে দিতে হবে এবং সাবস্ত্রিপশন শেষ না হওয়া পর্যন্ত এটি থাকবে। আন্ডার রাইটিং প্রতিষ্ঠানগুলোকে আন্ডার রাইটিং ও পোর্টফোলিও ম্যাানেজমেন্ট বিবরণী জমা দিতে হবে। এছাড়া কোম্পানির আর্টিকেল অব মেমোরেন্ডাম, রিটার্ন অব অ্যালটমেন্ট, পার্টিকুলারস অব ডাইরেক্টরস ইত্যাদি তথ্য জমা দিতে হবে। সামারাইজড ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট, ব্যালান্স শিট ও আগের পাঁচ বছরের ডিভিডেন্ট ঘোষণা ও প্রদানের বিবরণীও জমা দিতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসইউ/১৮৫৯ ঘ.