ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাংকগুলো বারবার আশার কথা শোনালেও ঢাকার পুঁজিবাজারে দরপতন থামছে না।
বুধবার বেলা ১১টায় লেনদেন শুরুর সাড়ে তিন ঘণ্টার মাথায় ২টা ৩১ মিনিটে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক আগের দিনের চেয়ে ১৩৭ পয়েন্ট কমে ৫ হাজার ৪১৭ পয়েন্ট হয়।
ওই সময় পর্যন্ত লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১১টির, কমেছ ২৩৭টির। অপরিবর্তিত ছিল ৩টির দর। লেনদেন হয়েছে ২৭৭ কোটি ২৩ লাখ টাকার শেয়ার।
কয়েকদফা ঘুরে দাড়ানোর চেষ্টা করলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাজার পড়তে থাকে।
এর আগে দিনের প্রথম ৩০ মিনিটের লেনদেনে সূচক কমে ৫ হাজার ৪৮৬ পয়েন্টে নেমে যায়। ১২টার দিকে সূচক কিছুটা বেড়ে ৫ হাজার ৪৮৭ পয়েন্ট হলেও আবার তা পড়তে শুরু করে। দুপুর একটায় সামান্য বেড়ে সূচক ৫ হাজার ৪৯৬ পয়েন্ট হয়।
দিনের শুরুতে এই সূচক পতনের কারণ হিসেবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের বরাত দিয়ে পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনের কথা উল্লেখ করেছেন বিনিয়োগকারীরা।
মাহফুজুল হক নামের একজন বিনিয়োগকারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আইএমএফের বক্তব্যের কারণে ব্যাংকগুলো বিনিয়োগ না করলে বাজারে আবার ধস নামবে। এ কারণে আমি আজ কম দামেই শেয়ার বিক্রি করে দিয়েছি।"
পুঁজিবাজারে ব্যাংক খাতের বিনিয়োগ বাড়ানোর ঘোষণায় আইএমএফের উদ্বেগের কথা জানিয়ে বুধবার একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, "আইএমএফের মতে, এই তহবিল (পুঁজিবাজার নিয়ন্ত্রণে) ব্যর্থতাকে পুরস্কৃত করবে। এটি শুধু ভুল নয়, উদ্যোগের প্রকৃত উদ্দেশ্য নিয়েই প্রশ্নের জন্ম দিচ্ছে। ঋণগ্রস্ত বিনিয়োগকারীদের রক্ষায় শেয়ারের বিপরীতে তহবিলটির ইউনিট বিনিময়ের কথা বলা হয়েছে। এতে ঋণদাতা প্রতিষ্ঠানের সঙ্গে ঋণগ্রহীতার দ্বিপক্ষীয় চুক্তি লঙ্ঘিত হবে।
অবশ্য ঢাকা স্টক এক্সচেঞ্জ সভাপতি শাকিল রিজভী আইএমএফের প্রতিবেদনের কারণে বাজার পতনের আশঙ্কা নাকচ করে দিয়েছেন।
তিনি বলেন, "প্রফিট টেকিংয়ের কারণে সূচক কিছুটা নেমে আসতে পারে। তবে কেনাবেচার পরিমাণ ভাল। ফান্ডামেন্টাল শেয়ারের লেনদেন বেশি হচ্ছে। দিনশেষে বাজার ভালো হবে বলেই আশা করছি।"
ব্যাংকগুলো চলতি সপ্তাহ থেকেই পুঁজিবাজারে বিনিয়োগ বাড়াবে- এমন ঘোষণার পর গত বৃহস্পতি ও রোববার ডিএসই সাধারণ সূচক বাড়ে প্রায় ৩৯৫ পয়েন্ট।
কিন্তু সোমবার সাধারণ সূচক ১৮০ পয়েন্ট কমে গেলে বিনিয়োগকারীদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়ে। ব্যাংকগুলো বিনিয়োগ বাড়িয়েছে কি না তা নিয়েও প্রশ্ন তোলেন তারা।
এরইমধ্যে 'স্টক মার্কেট স্ট্যাবিলাইজেশন তহবিল' নামে একটি মিউচুয়াল ফান্ড গঠনের ঘোষণা দেয় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)।
এরপর মঙ্গলবার ডিএসইর সাধারণ সূচক আগের দিনের চেয়ে ৮১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৫৫ পয়েন্ট হলেও লেনদেন হয় ৩৫০ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে প্রায় ৬৯ কোটি টাকা কম।
বিএবি চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার মঙ্গলবার বলেন, "আমার ব্যাংকসহ সব ব্যাংক বাজারে বিনিয়োগ করছে। আমরা ব্যাংকাররা তো বসে নেই, আস্তে আস্তে কিনছি। আমাদের বিনিয়োগ অব্যাহত আছে এবং তা থাকবে।"
বাজার এবার স্থিতিশীল হবে- এমন দৃঢ় আশা প্রকাশ মজুমদার বলেন, "ব্যাংক যখন এগিয়ে এসেছে, তখন এই বাজার ঠিক হয়ে যাবে। ব্যাংকের তো আর টাকার অভাব নেই। মোট দায়ের ১০ শতাংশ হিসাবে এখনো ব্যাংকগুলোর হাতে বিনিয়োগ উপযোগী ৪৫ হাজার কোটি টাকা আছে। এর দশভাগ বাজারে এলেও তো অনেক টাকা।"
তিনি জানান, 'স্টক মার্কেট স্ট্যাবিলাইজেশন তহবিল' হবে একটি মেয়াদী মিউচুয়াল ফান্ড। ২৯টি ব্যাংক ন্যূনতম ২০ কোটি টাকা করে এ তহবিলে জমা দেবে। এছাড়া বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন এবং 'লিস্টেড' ও 'নন লিস্টেড' কোম্পানিগুলোও এতে যোগ দিতে পারবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/আরবি/জেকে/১৪৪১ ঘ.
bdnews24