২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেয়ার লেনদেন নিষ্পত্তির সময় এক দিন কমলো

টানা দরপতনের মুখে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে বিভিন্ন উদ্যোগের পর এবার শেয়ার লেনদেন নিষ্পত্তির (সেটেলমেন্ট) সময় এক দিন কমিয়ে আনার প্রস্তাব অনুমোদন করেছে বাজার নিয়ন্ত্রক সংস্থা এসইসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2011, 11:22 AM

Updated : 24 Aug 2022, 04:35 PM

ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা দরপতনের মুখে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে বিভিন্ন উদ্যোগের পর এবার শেয়ার লেনদেন নিষ্পত্তির (সেটেলমেন্ট) সময় এক দিন কমিয়ে আনার প্রস্তাব অনুমোদন করেছে বাজার নিয়ন্ত্রক সংস্থা এসইসি। সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ সাংবাদিকদের জানান, মঙ্গলবার কমিশনের বৈঠকে নেওয়া এ সিদ্ধান্ত স্টক এক্সচেঞ্জগুলো কবে থেকে বাস্তবায়ন করবে, তা তারাই ঠিক করবে। তবে জেড ক্যাটাগরির শেয়ারের লেনদেন নিস্পত্তির ক্ষেত্রে আগের সময়ই বহাল থাকবে বলে জানান তিনি। এর আগে বিভিন্ন সময় এসইসির সাথে বৈঠকে দেশের দুই স্টক এক্সচেঞ্জ ডিএসই ও সিএসই শেয়ার লেনদেন নিস্পত্তির সময় কমিয়ে আনার এই প্রস্তাব দিয়েছিল। গত দুই সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক ৩৪১ দশমিক ৮৪ পয়েন্ট কমার পর রোববারও ব্যাপক দরপতন হয়। সোমবার সূচক বাড়লেও লেনদেন হয় নয় মাসের মধ্যে সবচে কম। আর মঙ্গলবার লেনদেন শেষে সূচক ১১৬ দশমিক ৪৭ পয়েন্ট কমে হয়েছে ৫ হাজার ৩০৭ দশমিক ৪৩ পয়েন্ট। পুঁজিবাজারের টানা দরপতনের প্রতিবাদে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে গত রোববার ডিএসইর সামনে অবস্থান নিয়ে অনশন শুরু করেন ব্যক্তি শ্রেণীর এই বিনিয়োগকারীরা। সোমবার সকালে পুলিশ ডিএসইর সামনে থেকে অনশনকারীদের সরিয়ে দেয়। বিনিয়োগকারীদের দাবি মেনে আয়কর রেয়াতের মতো প্রণোদনার ঘোষণাসহ একটি উপদেষ্টা কমিটি করার কথা জানানো হয় সরকারের পক্ষ থেকে। পুঁজিবাজারে বিনিয়োগ বাড়ানোর জন্য ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এরপর মঙ্গলবার বিকেলে এসইসির পক্ষ থেকে শেয়ার লেনদেন নিস্পতির সময় কমানোর এই ঘোষণা এলো। নতুন নিয়ম অনুযায়ী, পুঁজিবাজারের বিনিয়োগকারীরা একটি শেয়ার যেদিন কিনবেন তারপর এক দিন বিরতি দিয়ে তৃতীয় দিনের মাথায় তা বিক্রি করতে পারবেন। অর্থাৎ কেউ রোববার শেয়ার কিনলে বিক্রি করতে পারবেন মঙ্গলবারে। এতোদিন এক্ষেত্রে আরো একদিন সময় বেশি লাগতো। অর্থাৎ, বিনিয়োগকারীরা চাইলে এখন আরো ঘন ঘন লেনদেনে অংশ নিতে পারবেন। তবে জেড ক্যাটাগরির শেয়ার লেনদেন নিষ্পত্তিতে আগের মতোই ১০দিন সময় থাকবে। এই সিদ্ধান্ত কার্যকর হলে তা পুঁজিবাজারে লেনদেনে প্রভাব রাখবে বলে আশা প্রকাশ করেন ফরহাদ আহমেদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/আরবি/জেকে/১৮১৪ ঘ.