ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজার পরিস্থিতি স্থিতিশীল রাখার বিষয়ে প্রধানমন্ত্রী নিজে কোনো ঘোষণা না দেওয়া পর্যন্ত অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আন্দোলনরত ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারীরা।
রাতভর অনশনের পর সোমবার সকালে মতিঝিল থেকে তুলে দেওয়া হলে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়।
সংবাদ সম্মেলনে প্রেসক্লাবের সামনে অনশন করার ঘোষণা দেওয়া হলেও রাতে সেখানে আন্দোলনকারীদের দেখা যায়নি।
বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক শাহাদতউল্লাহ ফিরোজ রাতে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে বলেন, "কৌশলগত কারণে আমরা প্রেসক্লাবে অবস্থান নিতে পারিনি। তবে আমাদের আন্দোলন অব্যাহত রয়েছে।"
দুপুরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, "আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে থেকে তুলে দিয়েছে পুলিশ। আজ আমরা এখানেই (প্রেসক্লাব) অনশন করবো। প্রধানমন্ত্রী কোনো সুনির্দিষ্ট ঘোষণা না দেওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।"
"আমাদের এখান থেকে তুলে দিলে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবো। সেখানেও থাকতে না দিলে উচ্চ আদালতে গিয়ে আইনের আশ্রয় নেবো।"
কী দাবিতে এই কর্মসূচি- প্রশ্নের জবাবে শাহাদাত বলেন, "অনেকেই অনেক ধরনের পদক্ষপে নিচ্ছে। কিন্তু তাতে পুঁজিবাজার পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না। এ কারণে আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে ঘোষণা চাই।"
দুই সপ্তাহ ধরে দরপতনের পর রোববার বেলা ১১টায় লেনদেন শুরুর পর আমরণ অনশনের ঘোষণা দিয়ে ডিএসইর সামনে অবস্থান নেয় ব্যক্তি শ্রেণীর এই বিনিয়োগকারীরা। এ সময় কারো কারো মাথায় 'কাফন' এর প্রতীক হিসেবে সাদা কাপড় বাঁধা দেখা যায়। তবে সকালে তাদের তুলে দেয় পুলিশ।
বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কাজী আব্দুর রাজ্জাক সংবাদ সম্মেলনে দাবি করেন, তাদের সংগঠনের সভাপতি মিজানুর রশীদ চৌধুরীকে সকালে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গেছে।
তবে দুপুর দেড়টার দিকে মিজানুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে জানান, ভয়ভীতি সৃষ্টি করতে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়ে গিয়েছিলো। তবে দুপুরে ছেড়ে দিয়েছে।
সংগঠনটির কয়েকজন নেতা রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা তাদের ভয়ভীতি দেখাচ্ছে। নিরাপত্তার কথা চিন্তা করে তারা কিছুটা নিরব রয়েছেন। তবে কর্মসূচি অব্যাহত থাকবে।
রোববার অনশনের সময় জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে আন্দোলনকারী নেতারা বলেন, রাজনৈতিক নেতাদের এ সংহতি প্রকাশকে তারা স্বাগত জানান। সরকারি দলের কেউ এলেও তারা তাদের স্বাগত জানাবেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখার সময় বিনিয়োগকারীদের কয়েকজন কান্নায় ভেঙে পড়েন।
পুঁজিবাজারে দরপতন চললেও তা স্থিতিশীল করতে সরকারকে নানামুখী পদক্ষেপ নিতেও দেখা যাচ্ছে। বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) কর্মকর্তারা রোববার রাতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠক করেন।
এরই মধ্যে সোমবার আন্দোলনকারীদের একটি দাবি মেনে পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে আয়কর রেয়াত, মিউচুয়াল ফান্ডের আয়ের ওপর আরোপিত কর মওকুফ এবং ব্রোকারেজ কমিশনের উৎসে আয়কর কমানোর বিষয়ে আদেশ জারি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এছাড়া পুঁজিবাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে সরকারকে পরামর্শ দেওয়ার জন্য অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি উপদেষ্টা কমিটি করারও ঘোষণা দেওয়া হয়।
অন্যদিকে রোববার রাতভর অনশন চালায় অনশনকারীরা। রাতে অনশনস্থলে বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজানুর রশীদ সাংবাদিকদের বলেন, "পুঁজিবাজার স্থিতিশীল করার বিষয়ে প্রধানমন্ত্রীর আশ্বাস না পাওয়া পর্যন্ত অথবা প্রধানমন্ত্রীর কোনো প্রতিনিধি এসে আশ্বাস না দেওয়া পর্যন্ত আমরা অনশন ভাঙব না।"
এরপর সোমবার সকালে মতিঝিল থানা পুলিশ ডিএসইর সামনে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের তুলে দেয়। তাৎক্ষণিকভাবে ছড়িয়ে পড়লেও দুপুরে আবার প্রেসক্লাবে জড়ো হন তারা।
এরপরও আন্দোলন চালিয়ে যাওয়ার যৌক্তিকতা আছে কি না- এমন প্রশ্ন করলে শাহাদাত উল্লাহ ফিরোজ বলেন, "আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে আশ্বাস চাই। মাননীয় প্রধানমন্ত্রী, এই চাওয়া কি আমাদের অপরাধ?"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/জেকে/এমআই/২০৫৯ ঘ.
bdnews24