২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনশনকারীদের তুলে দেওয়ার নিন্দা ফারুকের

ডিএসইর সামনে অনশনরত বিনিয়োগকারীদের তুলে দেওয়ার নিন্দা জানিয়েছেন সংসদে বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2011, 08:46 AM

Updated : 24 Aug 2022, 04:34 PM

ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডিএসইর সামনে অনশনরত বিনিয়োগকারীদের তুলে দেওয়ার নিন্দা জানিয়েছেন সংসদে বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক। বিএনপির প্রচার সম্পাদক ফারুক সোমবার দুপুরে এক মানববন্ধন কর্মসূচিতে বলেন, "সরকার এভাবে নিঃস্ব-অসহায় বিনিয়োগকারীদের অনশন কর্মসূচি থেকে হটিয়ে দিয়ে তাদের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। আমরা এহেন কর্মকাণ্ডের প্রতিবাদ ও নিন্দা জানাই।" পুঁজিবাজার স্থিতিশীল করতে অনশনকারীদের সকালে মতিঝিল থানা পুলিশ ডিএসই ভবনের সামনে থেকে তুলে দেয়। পুঁজিবাজারে অস্থিরতা নিরসনের দাবিতে কার্যকর পদক্ষেপ চেয়ে আন্দোলন করে আসছিলেন তারা। ফারুক বলেন, "বর্তমান সরকার শেয়ারবাজারের ৩২ লাখ বিনিয়োগকারীর অর্থ লুণ্ঠন করে নিয়েছে। লুণ্ঠিত অর্থ বিদেশে পাচার হয়েছে। ওই নিঃস্ব বিনিয়োগকারীরা প্রতিবাদ জানাতে গেলে তাতেও সরকার বাধা দিচ্ছে।" জাতীয় প্রেসক্লাবের সামনে 'জিয়া বিগ্রেড' আয়োজিত মানববন্ধনে এ কথা বলেন ফারুক। রাজনীতিবিদ ও সাংবাদিকের ওপর হামলা-মামলার প্রতিবাদে এ কর্মসূচি ডাকা হয়। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের ঘোষণা দিলে আসন্ন সংসদ অধিবেশনে যোগ দেওয়ার ইঙ্গিত দেন বিরোধীদলীয় প্রধান হুইপ। তিনি বলেন, "আমরা সংসদে যেতে প্রস্তুত আছি। তবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করা হলে আমাদের নেত্রী সংসদে যাওয়ার বিষয়টি বিবেচনা করবেন।" আগামী ২০ অক্টোবর সংসদ অধিবেশন বসছে। বিএনপি গত কয়েক অধিবেশন বর্জন করে আসছে। ফারুক বলেন, "বিরোধী দল সংসদকে কার্যকর করতে চাইলেও সরকারি দল তা করতে দিচ্ছে না। বিরোধী দলের কোনো মুলতবি প্রস্তাব আলোচনার জন্য গ্রহণ করা হয় না। সেখানে জনগণের সমস্যার কথা বলার সুযোগ নেই।" পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থায়ন স্থগিতের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, "সরকার যে দুর্নীতিগ্রস্ত এটাই তার বড় প্রমাণ। আমাদের প্রধানমন্ত্রী কেবল চোর-ডাকাতের কথা বলেন। আমরা সেই ভাষায় কথা বলতে পারবো না। "আমরা বলতে চাই, প্রধানমন্ত্রী আপনি চোরের বিচার করবেন বলেছেন। আমরাও বলছি, এর আগে ব্যাংক ডাকাতের বিচার করতে হবে।" জিয়া ব্রিগেডের সভাপতি জাহিদ ইকবালের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া, বিএনপি নেতা মো. হানিফ, জিয়া ব্রিগেডের মহাসচিব আবুল হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৪৪৩ ঘ.