২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিক্ষোভের পর বৈঠক আর বৈঠক

উত্থান-পতন, আন্দোলন আর কর্তৃপক্ষীয় বৈঠকের মধ্য দিয়ে নাটকীয় একটি সপ্তাহ পার করেছে ঢাকার পুঁজিবাজার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2011, 02:57 PM

Updated : 24 Aug 2022, 04:33 PM

ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্থান-পতন, আন্দোলন আর কর্তৃপক্ষীয় বৈঠকের মধ্য দিয়ে নাটকীয় একটি সপ্তাহ পার করেছে ঢাকার পুঁজিবাজার। গত সপ্তাহের ধারাবাহিকতায় সপ্তাহের শুরু থেকেই দেশের দুই পুঁজিবাজারের সূচক পড়তে শুরু করে। ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক ৫৫৩৩ থেকে পরবর্তী দুদিনে ৫২৯৩ নেমে আসে। রোববার থেকেই ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে বিক্ষোভ করতে শুরু করেন সাধারণ বিনিয়োগকারীরা। এ সময় মতিঝিলের ব্যস্ত এই রাস্তাটিতে যান চলাচল প্রায় প্রতিদিনই সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরবর্তী তিন দিনও ক্রমাগত সূচক পড়তে থাকে। বুধবার বাজার কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও বারবার উঠানামার মধ্যদিয়ে তাতে কোনো অগ্রগতি হয়নি। ১০ অগাস্ট বহুল আলোচিত বাংলাদেশ ফান্ডের পাবলিক ইউনিট বিক্রি শুরু হয়। সোমবার একটি অভিজাত হোটেলে আনুষ্ঠানিকভাবে ফান্ডটির বিক্রির ঘোষণা দেওয়া হয়। এদিন সকালে বাজার সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। সভা শেষে কমিশনের মুখপাত্র সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, এতদিন বাজার সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে আলাদাভাবে বৈঠক করা হয়েছে। এখন সবার সাথে সমন্বিতভাবে আলোচনা করা হলো। বৈঠক শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের জ্যেষ্ঠ সহ-সভাপতি আহসানুল ইসলাম ও মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ মতুর্জা আহমেদ বলেন, "বাজারে এতদিন আলাদাভাবে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন সম্মিলিত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। আমাদের যার যার অবস্থান থেকে নিজ দায়িত্ব পালন করতে হবে।" তবে এসব ঘোষণাতেও বাজার পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। মঙ্গলবার সাধারণ সূচক ৫২৯৩ পয়েন্টে নেমে আসে। এদিন সন্ধায় অর্ধমন্ত্রী ও প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন এসইসি চেয়ারম্যান। সরকারের শীর্ষপর্যায়ে থেকে বাজার স্থিতিশীল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়। পরদিন ১২ অক্টোবর জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে আলোচনা শেষে এসইসিতে এক সংবাদ সম্মেলনে চেয়ারম্যান ম. খায়রুল হোসেন বলেন, "সরকারের শীর্ষ মহল বাজার স্থিতিশীল দেখতে চায় বলে আমাকে মেসেজ দেওয়া হয়েছে।" তিনি এনবিআরের সাথে আলোচনার ভিত্তিতে পুঁজিবাজারের বিনিয়োগে কর হ্রাস, মিউচুয়্যাল ফান্ডের আয়ের উৎস কর হ্রাস করা হবে বলে জানান। এদিন বিকালে বাংলাদেশে ব্যাংকের সাথে আলোচনায় পুঁজিবাজারে তারল্য সঙ্কট কমাতে কিছু পদক্ষেপের সুপারিশ করা হয়। এছাড়া ব্যাংকগুলোর লাভের টাকা পুনরায় পুঁজিবাজারে ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়ার অনুরোধ করে এসইসি। সরকারের শীর্ষপর্যায়ের আগ্রহের কারণে সপ্তাহের শেষদিনে বেশ ঘুরে দাঁড়ায় দুই পুঁজিবাজার। বৃহস্পতিবার মোট লেনদেন হয়েছে ৩৬৪ কোটি টাকার শেয়ার ও মিউচুয়্যাল ফান্ড। এদিন ২০৮ পয়েন্ট বেড়ে সাধারণ সূচক দাঁড়ায় ৫৫৬৮ পয়েন্ট। এদিন বাজার মূলধন ছিলো ৩ লাখ ৬৮ হাজার ৭১ কোটি টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/২০৫১ ঘ.