২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দরপতনে দুই পুঁজিবাজারে বিক্ষোভ

পুঁজিবাজারে টানা দরপতনের প্রতিবাদে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সামনে বিক্ষোভ হয়েছে। রাস্তায় অবস্থান নিয়ে অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংক গভর্নরের পদত্যাগ দাবি করেছে ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2011, 05:34 AM

Updated : 24 Aug 2022, 04:32 PM

ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে টানা দরপতনের প্রতিবাদে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সামনে বিক্ষোভ হয়েছে। রাস্তায় অবস্থান নিয়ে অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংক গভর্নরের পদত্যাগ দাবি করেছে ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারীরা। বুধবার লেনদেন শুরুর পর ১১টা ২৫ মিনিটে সাধারণ সূচক কমে ১৫৪ পয়েন্ট কমে দাঁড়ায় ৫ হাজার ১৩৯ পয়েন্টে। এরপরই বিক্ষোভ শুরু হয়। লেনদেন শেষে অবশ্য সূচক বেড়েছে। পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ ও বাংলাদেশ শেয়ার ইনভেস্টরস্ অ্যাসোসিয়েশনের ব্যানারে সোয়া ১২টার দিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনের রাস্তায় নেমে এসে স্লোগান দিতে শুরু করে ক্ষুদ্র বিনিয়োগকারীরা। তাদের হাতে ছিল প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা করে লেখা বিভিন্ন প্ল্যাকার্ড। তারা রাস্তার দুই পাশে বসে পড়ায় শাপলা চত্ত্বর থেকে মধুমিতা হল পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। ডিএসইর সামনের রাস্তায় জোহরের নামাজ পড়ার পর বাজারে চাঙ্গাভাব ফিরিয়ে আনতে দোয়া করেন তারা। আশপাশে প্রচুর পুলিশ মোতায়েন থাকলেও বিক্ষোভকারীদের তারা কোনো বাধা দেয়নি। দুপুর তিনটায় স্টক এক্সচেঞ্জের সামনের রাস্তায় যানচলাচল বন্ধ থাকলেও মধুমিতার সামনের রাস্তায় যান চলা চলাচল শুরু হয়। চারটার দিকে স্টক এক্সচেঞ্জের সামনে যান চলাচল স্বাভাবিক হয়। বিনিয়োগকারীরা পুঁজিবাজারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছে। বিনিয়োগকারীদের একজন বলেন, "প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের মেয়র নির্বাচনে যে সময় দিচ্ছেন, তার কিছুটা দেওয়া উচিত পুঁজিবাজারে।" পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের যুগ্ম সভাপতি সাজ্জাদ হোসেনের অভিযোগ অর্থমন্ত্রীর ওপর, "অর্থমন্ত্রী বলেছেন, শেয়ারবাজার সম্পর্কে সরকারের কিছু করার নেই, পুঁজিবাজারের এই অবস্থায় এ কথা বলে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন তিনি।" বুধবার চট্টগ্রামেও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছে কিছু বিনিয়োগকারী। দুপুর একটার দিকে নগরীর আগ্রাবাদে অবস্থিত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কার্যালয়ের বিপরীতে সড়কের ফুটপাতে চিটাগাং ইনভেস্টরস ফোরামের ব্যানারে বিনিয়োগকারীরা এ কর্মসূচি পালন করে। এতে ৫০ জনের মতো বিনিয়োগকারী অংশ নেন। কর্মসূচি থেকে বক্তারা শেয়ারবাজারে অব্যাহত দরপতনের জন্য বাংলাদেশ ব্যাংক গভর্নর এবং অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। অবস্থান কর্মসূচি চলাকালে অনুষ্ঠিত সমাবেশ থেকে বক্তারা 'ফোর্স সেল' করার জন্য চাপ প্রয়োগকারী মার্চেন্ট ব্যাংকগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। অব্যাহত দরপতনের কারণে গত কয়েকদিন ধরেই বিক্ষোভ করছে বিনিয়োগকারীরা। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ সূচক ২২৫ দশমিক ৫৩ পয়েন্ট বা ৪ শতাংশ কমে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বাছাই সূচক (সিএসসিএক্স) কমে ৩৮৭ দশমিক ৩১ পয়েন্ট। গত সপ্তাহের দরপতনের ধারাবাহিতকতায় রোববার দেশের প্রধান পুঁজিবাজার ডিএসই সাধারণ সূচক কমে ১৯৪ দশমিক ৪০ পয়েন্ট এবং সোমবার কমে ১৪ দশমিক ৫৪ পয়েন্টে। গত সপ্তাহে ডিএসইর সাধারণ সূচক ১৮২ দশমিক ৪০ পয়েন্ট বা ৩ দশমিক ০৯ শতাংশ কমেছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফকে/আরবি/এসইউ/১৭০৭ ঘ.