২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'দরপতন ঠেকাতে অর্থ প্রবাহ জরুরি'

পুঁজিবাজারের অব্যাহত দরপতন ঠেকানোর জন্য বাজারে নতুন অর্থের প্রবাহ বাড়ানো এবং সরকারের নীতি সহায়তা জরুরি বলে মনে করেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) জেষ্ঠ্য সহ-সভাপতি আহসানুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2011, 12:02 PM

Updated : 24 Aug 2022, 04:31 PM

রিয়াজুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জেষ্ঠ্য প্রতিবেদক ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পুঁজিবাজারের অব্যাহত দরপতন ঠেকানোর জন্য বাজারে নতুন অর্থের প্রবাহ বাড়ানো এবং সরকারের নীতি সহায়তা জরুরি বলে মনে করেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) জেষ্ঠ্য সহ-সভাপতি আহসানুল ইসলাম। মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "এখন দুটো কাজ করতেই হবে। প্রথমটি হলো নতুন অর্থের সরবরাহ বাড়ানো। এটা ব্যক্তি শ্রেণীর বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর মাধ্যমে হতে পারে, আবার বিদেশি বিনিয়োগকারীর মাধ্যমেও হতে পারে।" "আরেকটি পদক্ষেপ জরুরি। তা হলো সরকারের পর্যায় থেকে অর্থাৎ অর্থ মন্ত্রণালয়, এসইসি, বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে নীতি সহায়তা দেওয়া।" দরপতনের ধারা অব্যাহত রয়েছে দেশের দুই পুঁজিবাজারে। এর প্রতিবাদে গত দুই দিনের মতো মঙ্গলবারও বিক্ষোভ করেছে বিনিয়োগকারীরা। মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ডিএসই সাধারণ সূচক ২২৫ দশমিক ৫৩ পয়েন্ট বা ৪ শতাংশ কমে হয়েছে ৫ হাজার ২৯৩ দশমিক ৩১ পয়েন্ট। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বাছাই সূচক (সিএসসিএক্স) ৩৮৭ দশমিক ৩১ পয়েন্ট কমে হয়েছে ৯ হাজার ৫৫৫ দশমিক ২১ পয়েন্ট। আহসানুল ইসলাম বলেন, "নতুন অর্থ যতক্ষণ না আসছে ততক্ষণ বাজার গতি পাবে না। ৪ থেকে ৫ হাজার কোটি টাকা মার্জিন ঋণে আটকে আছে। যারা ঋণ নিয়েছে এবং দিয়েছে উভয়ের অবস্থাই ভয়াবহ।" "আবার মার্জিন ঋণের বিনিয়োগকারীদের পোর্টফোলিওতে প্রতিদিন টাকা কমছে। তারা আতঙ্কিত হয়ে শেয়ার বিক্রি করে দিচ্ছে। এত বাজারে প্রভাব পড়ছে।" ডিএসই সহ-সভাপতি বলেন, "মার্জিন ঋণে আটকে পড়াদের উদ্ধারে সহায়তা দিতে হবে। এ উদ্যোগটা আসতে হবে বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয় ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) থেকে।" "এ ছাড়া জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকেও নীতি সহায়তা দিতে হবে। মিউচুয়াল ফান্ডসহ পুঁজিবাজার সংশ্লিষ্টদের ওপর বিভিন্ন ধরণের করারোপ করা হয়েছে। এগুলো তুলে নিতে হবে।" এদিকে মঙ্গলবারের দরপতন সম্পর্কে ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারীরা প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টার বক্তব্যকে দায়ী করেছেন। মো. মনিরুজ্জামান নামে এক বিনিয়োগকারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গতকাল অর্থ উপদেষ্টা যে সব কথা বলেছেন তাতে আজ বাজার খারাপ হয়েছে।" সোমবার বাংলাদেশ ফান্ডের পাবলিক ইউনিট বিক্রির উদ্বোধনী অনুষ্ঠানে মশিউর রহমান বলেন, "পুঁজিবাজারে ভলাটিলিটি থাকে। তাই ঝুঁকিও থাকে। এ ঝুঁকি যারা নিতে পারেন তারাই বিনিয়োগ করতে পারেন।" তিনি বলেন, "যারা দ্রুত মুনাফার মানসিকতায় শেয়ারবাজারে বিনিযোগ করেন তারাই বেশি ক্ষতিগ্রস্ত হন। আর এসব বিনিয়োগকারী পুঁজি হারিয়ে উত্তেজনায় সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাপনে বিঘœ সৃষ্টি করেন। বিনিয়োগকারীদের এ আচরণ সুনাগরিকের পরিচয় বহন করে না।" "বিনিয়োগ করে ধৈর্য্য ধরলে ধনী না হলেও লোকসান হবে না," বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ ১৭৩৬ ঘ.