ঢাকা, অক্টোবর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) আটটি মিউচুয়াল ফান্ডের মেয়াদ এক বছর বাড়িয়েছে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
পাশাপাশি নতুন একটি মিউচুয়াল ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন এবং মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনীর প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার বিধিমালা সংশোধনেরও উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার এসইসির সভায় এসব সিদ্ধান্ত হয় বলে কমিশনের মুখপাত্র সাইফুর রহমান জানান।
তিনি বলেন, "কমিশন আটটি মিউচুয়াল ফান্ডের মেয়াদ ২০১২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছে।"
প্রথম আইসিবি থেকে অষ্টম আইসিবি নামে এই ফান্ডগুলোর মেয়াদ চলতি বছরের ডিসেম্বরে পূর্ণ হওয়ার কথা ছিল। মেয়াদ বাড়ানোর জন্য আইসিবি একাধিকবার আবেদন করে।
সাইফুর রহমান বলেন, "সার্বিক বিবেচনায় সময় বাড়ানো হয়েছে।"
বিধিমালা সংশোধন
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচুয়াল ফান্ড) বিধিমালা, ২০০১ সংশোধনের কিছু প্রস্তাব কমিশন চূড়ান্ত করেছে বলে জানান সাইফুর রহমান।
তিনি বলেন, "বিধিমালা সংশোধনের বিষয়টি জনমত জরিপে পাঠানো হয়েছিল। এরপর এ বিষয়ে কমিশন চূড়ান্ত অনুমোদন দিয়েছে।"
সংশোধনীর বিষয়ে সাইফুর জানান, এখন থেকে সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিগুলো প্রাতিষ্ঠানিক মক্কেলের তহবিল ব্যবস্থাপনা ও পরিচালনাও করতে পারবে।
আগে প্রাইভেট প্লেসমেন্টের ক্ষেত্রে একক কোনো ব্যক্তির অনুকূলে বরাদ্দের কোনো সীমা ছিল না। কিন্তু এখন একক ব্যক্তির অনুকূলে ১ কোটি টাকার বেশি বরাদ্দ নেওয়া যাবে না।
এছাড়া সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিগুলো মক্কেলকে বিনিয়োগ ব্যবস্থাপনা সেবা ও পরামর্শ দিতে পারবে। তবে এজন্য এসইসিকে অবহিত করতে হবে।
নতুন মিউচুয়াল ফান্ড
সাইফুর রহমান জানান, কমিশন সভায় ভিআইপিবিএনএলআই নামের ১০ বছর মেয়াদী একটি মিউচুয়াল ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন দেওয়া হয়েছে, যার আকার ৫০ কোটি টাকা।
ভিআইপিবিএনএলআই মিউচুয়াল ফান্ডের উদ্যোক্তা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স। সম্পদ ব্যবস্থাপক হিসেবে রয়েছে ভিআইপিবি (ভেঞ্চার ইনভেস্টমেন্ট পার্টনারস বাংলাদেশ লিমিটেড)।
উদ্যোক্তা প্রতিষ্ঠান হিসেবে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স এই তহবিলে ১০ কোটি টাকা দেবে। ১০ কোটি টাকা সংগ্রহ করা হবে আইপিও পূর্ব ফান্ড বিক্রির মাধ্যমে। আর বাকি ৩০ কোটি টাকা আইপিওর মাধ্যমে সংগ্রহ করা হবে।
ফান্ডটির মোট ইউনিট সংখ্যা ৫ কোটি, প্রতিটি ইউনিটের দাম ১০ টাকা।
মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার বিধিমালা
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার) বিধিমালা, ১৯৯৬ সংশোধন করে যুগোপযোগি করার উদ্যোগ নিয়েছে এসইসি।
এ লক্ষ্যে বুধবার কমিশনের সভায় একটি কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়েছে বলে সাইফুর রহমান জানান।
তিনি বলেন, "কমিটি গঠনের গেজেট প্রকাশের ১৫ কার্যদিবসের মধ্যে তারা সুপারিশ দেবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসআইটি/এসইউ/জেকে/১৯২৯ ঘ.
bdnews24