২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূচক কমলেও বেড়েছে লেনদেন

সপ্তাহের প্রথম দিনের শুরুতে সাধারণ সূচক বাড়লেও দরপতন দিয়ে শেষ হয়েছে ঢাকার পুঁজিবাজারের লেনদেন। তবে বেশিরভাগ শেয়ারের দাম বাড়ার পাশাপাশি বেড়েছে আগের দিনের চেয়ে লেনদেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2011, 05:55 AM

Updated : 24 Aug 2022, 04:27 PM

ঢাকা, অক্টোবর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) Ñসপ্তাহের প্রথম দিনের শুরুতে সাধারণ সূচক বাড়লেও দরপতন দিয়ে শেষ হয়েছে ঢাকার পুঁজিবাজারের লেনদেন। তবে বেশিরভাগ শেয়ারের দাম বাড়ার পাশাপাশি বেড়েছে আগের দিনের চেয়ে লেনদেন। রোববার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক ৮ দশমিক ৪৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৯০১ দশমিক ৭৪ পয়েন্টে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৪০টির, কমেছে ১০৮টির এবং বদলায়নি ১৪টির। রোববার ডিএসইতে লেনদেন হয়েছে ৪২৭ কোটি ৭০ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের লেনদেনের চেয়ে ৬৫ কোটি ৮২ লাখ টাকা বেশি। নানা উদ্যোগের পর গত সপ্তাহে সূচক ডিএসই সাধারণ সূচক ২৫৭ দশমিক ৮৮ পয়েন্ট বা ৪ দশমিক ৫৬ শতাংশ বেড়ে হয় ৫ হাজার ৯১০ দশমিক ২০ পয়েন্ট। গত সপ্তাহে গড়ে প্রতিদিন লেনদেন হয়েছে ৪১৮ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার। তার আগের সপ্তাহে গড়ে প্রতিদিন লেনদেন হয়েছিল ৩৪৭ কোটি ৭১ লাখ টাকার শেয়ার। দিনের শুরুতে উর্দ্ধমূখী প্রবণতা দিয়ে লেনদেন শুরু হলেও পরে তা কমতে থাকে। লেনদেন শুরুর এক ঘন্টা পর সূচক বেড়েছিল ৭৮ দশমিক ৩৪ পয়েন্ট। এরপর সূচক বৃদ্ধি কিছুটা কমে যায়। ১টা ১মিনিটে সাধারণ সূচক ৫৭ দশমিক ০৭ পয়েন্ট বেড়ে হয় ৫ হাজার ৯৬৭ দশমিক ২৭ পয়েন্ট। তিন ঘন্টা পর ২ টা ১ মিনিটে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক গত দিনের চেয়ে ৩৬ দশমিক ১৮ পয়েন্ট বেশি ছিল। ২টা ৩০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে কমে যায়। ২টা ৩৫ মিনিটে সাধারণ সূচক ১৩ দশমিক ৫৬ পয়েন্ট কমে দাঁড়ায় ৫ হাজার ৮৯৬ দশমিক ৬৪ পয়েন্টে। রোববার ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল- লাফার্জ সুরমা সিমেন্ট, সামিট পাওয়ার, বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো লিমিটেড, এমআই সিমেন্ট, বেক্সিমকো সিনথেটিকস, মালেক স্পিনিং, কেয়া কসমেটিকস, সিএসসি কামাল ও স্কয়ার ফার্মা। দাম বাড়ার শীর্ষে ছিল- ওরিয়ন ইনফিউশন, তাল্লু স্পিনিং, উসমানিয়া গ্লাস, মিথুন নিটিং, মুন্নু সিরামিক, শমরিতা হাসপাতাল, জুট স্পিনিং, বিএসসি, বঙ্গজ ও ব্র্যাক সাবঅর্ডিনেট কনভার্টেবল বন্ড। এদিকে দাম কমার শীর্ষে ছিলÑ ডিবিএইস, গ্রামীণ মিউচুয়াল ফান্ড ১, ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স, গ্রামীণ মিউচুয়াল ফান্ড ১: স্কিম দুই, রেকিট বেনকিজার, এমটিবিএল, বেক্সিমকো ফার্মা, ব্যাংক এশিয়া, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও আইসিসি এমপ্লয়ার্স প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড ১। গত সপ্তাহে সংশোধিত বুক বিল্ডিং পদ্ধতি নীতিমালা চূড়ান্ত অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। এ ছাড়া গত বৃহস্পতিবার পুঁজিবাজারের অস্থিতিশীলতা ঠেকাতে এবং মার্জিন ঋণ নিয়ে অচলাবস্থা নিরসনে বেসরকারি খাতের উদ্যোক্তাদের অংশগ্রহণে 'বাজার স্থিতিশীলকরণ তহবিল' নামে একটি তহবিল গঠনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। এর আগে ব্যাংকগুলোর একক গ্রাহক ঋণসীমা সমন্বয়ের সময়সীমা এবং ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে অতিরিক্ত বিনিয়োগ সমন্বয়ের জন্য ২০১২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মিউচুয়াল ফান্ডগুলোর একক ও খাতভিত্তিক শেয়ারে বিনিয়োগ সীমা স্থগিত করেছে এসইসি। এছাড়া কোনো কোম্পানির উদ্যোক্তা বা পরিচালকদের ওই কোম্পানির শেয়ার বিক্রির ওপর নিষেধাজ্ঞা এবং কোনো কোম্পানির পাঁচ শতাংশ বা এর বেশি শেয়ার আছে এমন শেয়ারহোল্ডারদেরও ওই কোম্পানির শেয়ার বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এসইসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১২০৮ ঘ.