হোঁচট খেয়ে রেল লাইনে, শুয়ে থেকে বেঁচে গেলেন তরুণী
হোঁচট খেয়ে পড়ে ওই তরুণী রেলের দুই লাইনের মাঝে লম্বালম্বি শুয়ে পড়েন; উপর দিয়ে চলে যায় আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেন।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেন আসার মুহূর্তে রেল লাইনে পড়ে যাওয়ার পর মাঝখানে লম্বালম্বি শুয়ে থেকে বেঁচে গেছেন এক তরুণী।
শুক্রবার সন্ধ্যায় আখাউড়া উপজেলা সদরের তিতাস রেল সেতুতে এ ঘটনা ঘটে।
বেঁচে যাওয়া লিজা (১৯) নামের এই তরুণী আখাউড়া উপজেলার বড়কুড়িপাইকা গ্রামের গাজী মুর্শিদের মেয়ে।
ঘটনাস্থলে উপস্থিত এক ব্যক্তির ধারণ করা এই ঘটনার ভিডিও অল্প সময়ের মধ্যেই ফেইসবুকে ছড়িয়ে পড়ে।
আখাউড়া রেলওয়ে থানার ওসি মাজহারুল করমি বলেন, “ফেইসবুকে এ ঘটনার একটি ভিডিও দেখেছি। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানতে পারছি না।”
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৬টার দিকে তিতাস রেল সেতুতে দাঁড়িয়ে নদীর পানি দেখছিলেন ওই তরুণীসহ তিনজন। এ সময় নোয়াখালীগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেন চলে এলে ওই তিনজন নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য সেতু অতিক্রম করার চেষ্টা করেন। দুইজন সেতু পার হতে পারলেও ওই তরুণী হোঁচট খেয়ে রেল লাইনে পড়ে যান।
ওই সময় তিনি দুই লাইনের মাঝে শুয়ে থাকেন এবং ট্রেন চলে গেলে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
তবে এ বিষয়ে ওই তরুণী ও তার পরিবারের কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। হাসপাতালে সাংবাদিকদের দেখে ওই তরুণীকে নিয়ে তার পরিবারের লোকজন হাসপাতাল থেকে চলে যান।
