২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

সাহাপাড়ার জন্য যা করণীয় করব: নড়াইলে ছাত্রলীগ সম্মেলনে মাশরাফি

২০১৯ সালের ৬ নভেম্বর সবশেষ নড়াইল জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2022, 11:50 AM

Updated : 22 Jul 2022, 11:56 AM

ধর্ম অবমাননার অভিযোগ তুলে লোহাগড়া উপজেলায় দিঘলিয়া গ্রামের সাহাপাড়ায় হামলা ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও তাদের পাশে থাকার কথা জানিয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা।

বৃহস্পতিবার দুপুরে নড়াইল শহরে সুলতান মঞ্চে অনুষ্ঠিত জেলা ছাত্রলীগের সম্মেলনে এ কথা বলেন তিনি।

মাশরাফি বলেন, “আমার মনটা ভালো নেই। যে হামলা হয়েছে… বিগত কয়েক দিন আমরা ওখানে আছি। প্রশাসন প্রশাসনের মতো কাজ করবে। কিন্তু আমরা মাননীয় প্রধানমন্ত্রীর ভ্যানগার্ড হিসেবে দিঘলিয়ায় আছি, কাজ করছি।

পুরানো খবর:

লোহাগড়ায় আগুনে ক্ষতিগ্রস্ত বাড়ি-মন্দিরে মাশরাফি, সহযোগিতার হাত বাড়ানোর অনুরোধ

“দিঘলিয়ার জন্য যা যা করণীয়, তা আমরা করব।”

বেলা ১টায় সম্মেলন শুরু হয়ে শেষ হয় বিকাল চারটায়। প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে কমিটি গঠনের জন্য নড়াইল সার্কিট হাউসে ছাত্রলীগের কাউন্সিলর ও প্রার্থীদের নিয়ে অতিথিরা বৈঠক করেন। রাত সোয়া একটা পর্যন্ত কমিটি গঠনের কাজ চলছিল।

মাশরাফি আরও বলেন, “নড়াইল জেলা ছাত্রলীগের ভাইবোনদের জন্য একটা বার্তা দিতে চাই, আমরা কাজ করব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। আমাদের এই একটাই উদ্দেশ্য থাকবে। উনি ক্ষমতায় থাকলে দেশ ভালো থাকবে, দেশ এগিয়ে যাবে, দেশের উন্নয়ন হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। তাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”

“সামনে নির্বাচন আসছে। নড়াইল থেকে যে-ই মনোনয়ন পাক, আমরা সবাই এক হয়ে যেন ওনার জন্য কাজ করতে পারি। সেই নেতৃত্ব যেন এখান থেকে গড়ে ওঠে।” বক্তব্যে যোগ করেন এ সাংসদ।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার।

বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

নড়াইল -১ আসনের সংসদ সদস্য কবিরুল হক বলেন, “নড়াইলের মানুষ কখনও আওয়ামী লীগকে ফেরত দেয়নি। জেলা ছাত্রলীগের অবস্থা আজকে ধূসর হয়ে গিয়েছে। নতুন কমিটিতে যোগ্য নেতাদের জায়গা দিতে হবে।”

সম্মেলনে প্রধান অতিথি মাহবুব উল আলম হানিফ বক্তব্য শুরু করতে গেলে বৃষ্টি শুরু হলে তিনি শুভেচ্ছা জানিয়ে শেষ করেন।