জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা: স্বরাষ্ট্রমন্ত্রী
আত্মগোপনে থাকা জঙ্গিরা অবস্থান জানান দিতে আদালতপাড়া থেকে দুই জঙ্গি ছিনতাই করেছে, বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
জঙ্গিবাদকে ‘বৈশ্বিক সমস্যা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বুধবার দুপুরে নরসিংদীর মনোহরদী থানার নতুন ভবনের উদ্বোধনকালে তিনি বলেন, “শুধু বাংলাদেশ নয়, জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা।”
আদালতপাড়া থেকে দুই জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনা দেশে লুকিয়ে থাকা জঙ্গিদের পূর্বপরিকল্পিত উল্লেখ করে মন্ত্রী বলেন, “আত্মগোপনে থাকা জঙ্গিরা তাদের অবস্থান জানান দেওয়ার জন্য এই কাজ করেছে।”
তাদের গ্রেপ্তারসহ জঙ্গিবাদ নিরসনে সরকার কাজ করছে বলে তিনি জানান।
জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় নিরাপত্তা বাহিনীর কেউ সম্পৃক্ত থাকলে কঠোর শাস্তি দেওয়া হবে বলেও তিনি জানান।
“বিএনপির আগামী ১০ ডিসেম্বর ঢাকা দখল এবং ক্ষমতা দখলের পরিকল্পনা করছে,” মন্তব্য করে মন্ত্রী বলেন, “এই পরিকল্পনা আইনশৃঙ্খলা বাহিনী প্রতিরোধ করবে। অওয়ামী লীগ সরকার জনগণের শক্তিতে শক্তিশালী।”
যারা ‘ষড়যন্ত্র’ করে ‘বন্দুকের নল দিয়ে ক্ষমতায় আসছে’ তারা ষড়যন্ত্র করেই যাচ্ছে, ঢাকায় সমাবেশে বিশৃঙ্খলা তৈরি হলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ার করেন তিনি।
এ সময় অন্যান্যদের মধ্যে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, নরসিংদী-২ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খান, শিবপুরের সংসদ সদস্য জহিরুল হক ভূইয়া মোহন, জেলা প্রশাসক আবু নইম মো. মারুফ খান, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম উপস্থিত ছিলেন।
