নোয়াখালীতে অটোরিকশা-পাওয়ার টিলার সংঘর্ষে নারীর মৃত্যু
হাতিয়া থেকে যাত্রী নিয়ে সোনাপুরের দিকে যাওয়ার পথে পাওয়ার টিলারের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয় বলে জানায় পুলিশ।
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় অটোরিকশা ও পাওয়ার টিলারের সংঘর্ষে এক নারীর প্রাণ গেছে; এতে আহত হয়েছে শিশুসহ আরও চারজন।
শুক্রবার দুপুরে উপজেলার সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কের তালতলি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন চরজব্বার থানার ওসি হুমায়ুন কবির।
নিহত ৬৫ বছর বয়সি নুর নাহার হাতিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মোস্তাফিজুর রহমানের স্ত্রী। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়দের বরাতে ওসি হুমায়ুন বলেন, হাতিয়ার চেয়ারম্যানঘাট থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা সোনাপুরের দিকে যাচ্ছিল। পথে পাওয়ার টিলারের সঙ্গে সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়।
এতে অটোরিকশার চালকসহ আহত পাঁচ যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় নুর নাহারের মৃত্যু হয় বলে তিনি জানান।
এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ওসি হুমায়ুন।
