২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

অভিযোগে সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামিকে বিচারক খালাস দিয়েছেন।

টাঙ্গাইলে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

রায় ঘোষণার পর যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মিজানুর রহমানকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2023, 10:07 PM

Updated : 20 Jun 2023, 10:07 PM

টাঙ্গাইলে চার বছর আগে ইয়াবা ও হেরোইন উদ্ধারের এক মামলায় এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত, আরেকজনকে দেওয়া হয়েছে দুই বছরের কারাদণ্ড।

অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ মোস্তফা শাহারিয়ার খান মঙ্গলবার এ মামলার রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মিজানুর রহমান সখীপুর উপজেলার নলুয়া আড়ালিয়াপাড়া গ্রামের ফজলুল করিমের ছেলে। আর দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত রাসেল মিয়া একই গ্রামের মৃত আবুল মিয়ার ছেলে।

অভিযোগে সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি মো. পাভেল মিয়াকে বিচারক খালাস দিয়েছেন বলে অতিরিক্ত পিপি খোরশেদ আলম জানান।

দণ্ডিত দুই আসামির মধ্যে মিজানুর রায় ঘোষণার সময় কাঠগড়ায় উপস্থিত থাকলেও রাসেল জামিন নিয়ে পলাতক রয়েছেন। 

মামলার বিবরণে জানা যায়, টাঙ্গাইলের গোয়েন্দা পুলিশ ২০১৯ সালের ২ জুন সখীপুরের নলুয়া আড়ালিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে মিজানুর রহমানের কাছ থেকে ১২টি ইয়াবা ট্যাবলেট এবং ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার করে। এছাড়া রাসেলের কাছ থেকে একশ ইয়াবা এবং ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

জেলা ডিবির (উত্তর) উপ-পরিদর্শক নুরুজ্জামান ওইদিনই পাঁচ জনের নামে মামলা করেন। তদন্ত শেষে সখীপুর থানার এসআই ছবেদ আলী ২০১৯ সালে ৩১ জুলাই মিজানুর, রাসেল ও পাভেলের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।

বিচার শেষে আদালত মঙ্গলবার তিন আসামির মধ্যে দুজনকে দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করল।