২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চুরির অভিযোগে বাবাকে বেঁধে মারধর, চা-রুটি নিয়ে ছুটে এল ছোট্ট মেয়ে

বরিশালে বাবা-মেয়ের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Sep 2026, 09:47 PM

Updated : 26 Sep 2026, 09:47 PM

বরিশালের উজিরপুর উপজেলায় চুরির অভিযোগে এক ব্যক্তিকে খুঁটির সঙ্গে বেঁধে মারধরের ঘটনা ঘটেছে। এ খবর পেয়ে সেখানে ছুটে আসে তার নয় বছরের মেয়ে।

পরে বাবার জন্য আনা চা ও পাউরুটি নিজের হাতে খাইয়ে দেয় শিশুটি।

শনিবার সকালে উপজেলার বামরাইল বাজারে এ ঘটনা ঘটে বলে জানান উজিরপুর মডেল থানার পরিদর্শক মো. ফারুক হোসেন।

ওই ব্যক্তির নাম অনিক হাওলাদার। তার বাড়ি পশ্চিম বামরাইল গ্রামে।

স্থানীয়দের ভাষ্য, ভোরে চুরির অভিযোগে অনিককে আটক করে বামরাইল বাজারে এনে একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়। খবর পেয়ে সকাল ৮টার দিকে সেখানে যায় তার মেয়ে। বাবাকে দেখে সে কাঁদতে থাকে এবং তাকে ছেড়ে দেওয়ার জন্য লোকজনের কাছে অনুরোধ করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশে একটি খুঁটির সঙ্গে অনিকের হাত-পা বেঁধে রাখা হয়েছে। পাশে থাকা ছোট মেয়েটি পাউরুটি চায়ে ভিজিয়ে বাবার মুখে তুলে দিচ্ছে।

ভিডিওতে শিশুটিকে বাবার শরীরে হাত বুলিয়ে দিতে এবং তার ব্যথার কথা জানতে চাইতে দেখা যায়। একপর্যায়ে সে বাবাকে বলে, “দেইখো বাবা, তোমার কিচ্ছু হইবো না।”

ঘটনার প্রত্যক্ষদর্শী ও ভিডিও ধারণকারী মিরাজ ফকির বলেন, অনিক পশ্চিম বামরাইল গ্রামের রাসেল সর্দারের বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়েন। পরে তাকে বামরাইল বাজারে এনে বেঁধে রাখা হয়।

মিরাজ বলেন, সকালে অনিকের মেয়ে সেখানে এসে দূরে দাঁড়িয়ে ছিল। পরিচয় জানতে চাইলে অনিক মেয়েটিকে তার মেয়ে বলে জানান। পরে একজন তাকে চা ও রুটি দিলে হাত-পা বাঁধা থাকায় অনিক নিজে খেতে পারছিলেন না। তখন মেয়েটি বাবাকে খাইয়ে দেয়। পরে অনিককে তার স্ত্রীর জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

স্থানীয়রা জানান, অনিকের বিরুদ্ধে এর আগেও চুরির অভিযোগ ওঠেছিল। এসব ঘটনা স্থানীয়ভাবে মীমাংসা করা হয়েছিল বলেও তাদের দাবি।

ছাড়া পাওয়ার পর অনিকের মোবাইল ফোন করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

মো. ফারুক হোসেন বলেন, শনিবার সকাল ৯টার দিকে স্থানীয়রা একজনকে চুরির অভিযোগে আটক করেছে বলে থানায় খবর আসে। পরে পুলিশ সেখানে গেলেও তাকে পাওয়া যায়নি। স্থানীয়রা তাকে ছেড়ে দিয়েছে বলে জানতে পেরেছে পুলিশ।

পুলিশ কর্মকর্তা বলেন, স্থানীয়দের কাছ থেকে অনিক মাদকসেবী বলে তথ্য পাওয়া গেছে।