০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

গোপালগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, স্কুল ছাড়ল চতুর্থ শ্রেণির ছাত্রী

অভিযোগটি তদন্ত করছে শিক্ষা বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 08 Oct 2026, 08:26 PM

Updated : 08 Oct 2026, 08:26 PM

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন এবং কলম চুরির অপবাদ দেওয়ার অভিযোগ ওঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে।

পরে ওই ছাত্রীকে অন্য স্কুলে ভর্তি করাতে ছাড়পত্র (টিসি) নিয়েছে তার বাবা। অভিযোগটি তদন্ত করছে শিক্ষা বিভাগ।

সোমবার উপজেলার ফুকরা ইউনিয়নের ১৬১ নম্বর কলসি ফুকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মিতু রহমানের বিরুদ্ধে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ছাত্রীর বাবা।

অভিযোগে বলা হয়, পড়াশোনায় দুর্বলতার সুযোগ নিয়ে পরীক্ষায় ফেল করানোর ভয় দেখিয়ে ওই শিক্ষিকা ছাত্রীকে প্রাইভেট পড়াতেন। প্রাইভেটের টাকা নিয়ে বিরোধের পর ছাত্রীটি অন্য শিক্ষকের কাছে পড়া শুরু করলে তাকে কলম চুরির অপবাদ দেওয়া হয়। একই সঙ্গে সহপাঠীদের তার সঙ্গে কথা বলতে নিষেধ করা হয়।

শ্রেণিকক্ষে পড়া না পারার অজুহাতে ১ অক্টোবর তাকে মারধর করা হয় বলেও অভিযোগ করেছেন তার বাবা।

ছাত্রীর বাবা বলেন, এসব ঘটনায় তার মেয়ে মানসিকভাবে ভেঙে পড়ে এবং পড়াশোনা ও খাওয়া-দাওয়ায় অনীহা দেখায়। বিষয়টি প্রধান শিক্ষককে জানালেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। পরে ৫ অক্টোবর তিনি মেয়ের ছাড়পত্র নিয়ে অন্য স্কুলে ভর্তি করানোর সিদ্ধান্ত নেন।

অভিযোগের বিষয়ে শিক্ষিকা মিতু রহমান বলেন, “বিষয়টি তদন্ত হবে, প্রতিবেদন আসবে। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে। তাদের সঙ্গে কথা বলে তারপর প্রতিবেদন করবেন।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা খাতুন বলেন, তিনি ছাত্রীর অভিভাবকের কাছ থেকে বিষয়টি শুনেছেন। শারীরিক অসুস্থতার কারণে তিনি এ বিষয়ে বিস্তারিত বলতে চাননি।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. জ্যোৎস্না খাতুন বলেন, অভিযোগটি তদন্তের জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।