১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

উখিয়ায় শরণার্থী ক্যাম্পে ‘গোলাগুলিতে’ ২ রোহিঙ্গা নিহত

পুলিশ জানায়, সন্ত্রাসীরা এপিবিএন সদস্যদের লক্ষ্য করে গুলি করলে আত্মরক্ষার্থে তারাও গুলি চালায়।

উখিয়ায় শরণার্থী ক্যাম্পে ‘গোলাগুলিতে’ ২ রোহিঙ্গা নিহত

ফাইল ছবি

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2022, 10:10 AM

Updated : 10 Dec 2022, 10:25 AM

কক্সবাজারে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন পুলিশের সঙ্গে ‘গোলাগুলিতে’ দুই রোহিঙ্গা সন্ত্রাসী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে অস্ত্র ও গুলি।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উখিয়া বালুখালী ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন-বালুখালী ৮-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-২৮ ব্লকের বাসিন্দা মোহাম্মদ নুর ওরফ ইউনুছের ছেলে সলিম উল্লাহ (৩৩)।

ওসি বলেন, রাতে উখিয়ার বালুখালী ৮-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি (প্রধান কমিউনিটি নেতা) মোহাম্মদ রফিককে হত্যার উদ্দ্যেশে ৪০/৫০ জন সশস্ত্র ব্যক্তি জড়ো হয়েছে খবরে এপিবিএন এর একটি দল অভিযান চালায়।

তারা ঘটনাস্থলে পৌঁছলে রোহিঙ্গা সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে এপিবিএন সদস্যরাও পাল্টা গুলি চালায়।

এ সময় দুই রোহিঙ্গা সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায় বলে এ পুলিশ কর্মকর্তার ভাষ্য।

তিনি বলেন, ঘটনাস্থলে তল্লাশি করে দেশীয় তৈরি একটি বন্দুক, একটি ম্যাগাজিন ও ৭০টি গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।