২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় যাত্রীবেশে ইজিবাইক নিয়ে পালানোর সময় নারী গ্রেপ্তার

চালক বস্তা আনতে গেলে নূর নাহারের এক সহযোগী ইজিবাইক নিয়ে পালানোর চেষ্টা করেন বলে ভুক্তভোগীর পরিবারের অভিযোগ।

আশুলিয়ায় যাত্রীবেশে ইজিবাইক নিয়ে পালানোর সময় নারী গ্রেপ্তার

আশুলিয়ায় গ্রেপ্তার মোছাম্মত নূর নাহার খাতুন।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2023, 05:37 PM

Updated : 10 Jul 2023, 05:37 PM

সাভারের আশুলিয়ায় যাত্রীবেশে ইজিবাইক নিয়ে পালানার সময় এক নারীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।

রোববার সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বলিভদ্র বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয় বলে আশুলিয়া থানার এসআই সোহেল মোল্লা জানান।

আটক ২৫ বছর বয়সী মোছাম্মত নূর নাহার খাতুন ময়মনসিংহ সদর থানার আনন্দিপুর গ্রামের প্রয়াত জব্বার খানের মেয়ে। তিনি গাজীপুরের বাসন এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিক।

ভুক্তভোগী ইজিবাইক চালক মাহবুব হাসান (১৭) নওগাঁর আত্রাই উপজেলার শাহীন আলমের (৩৮) ছেলে। তিনি বাসন এলাকায় পরিবারের সঙ্গে থাকেন।

মাহবুবের বাবা শাহীন বলেন, “আমার ছেলে ভাড়ায় ইজিবাইক চালায়। ওই নারীর সঙ্গে আরও দুইজন ছিল। তারা আশুলিয়ার জিরানী থেকে বলিভদ্র পর্যন্ত যাওয়া-আসার জন্য ইজিবাইক ভাড়া করেন।

“মাঝ পথে গাড়ি থামিয়ে তারা মাহবুবকে দিয়ে বস্তা আনার কথা বলে। তাতে সে রাজি হয়নি। পরে নূর নাহারের সহযোগীরা মালামাল আনতে যান। আর নুর নাহার ইজিবাইকেই বসে থাকেন।”

তিনি আরও বলেন, “প্রায় আধাঘণ্টা পরে তারা বস্তা নিয়ে ফিরে একটু দূরে রেখে সেটি মাহবুবকে গাড়িতে উঠিয়ে দিতে বলেন। সে বস্তা আনতে গেলেই নূর নাহারের আরেক সহযোগী গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করেন।

“মাহবুব বুঝতে পেরে চোর চোর বলে চিৎকার করলে আশেপাশের পথচারীরা ধাওয়া দিলে ইজিবাইক রেখে তারা পালানোর চেষ্টা করেন। অন্যরা পালিয়ে গেলেও নূর নাহারকে আটক পুলিশে সোপর্দ করে জনতা।”

এসআই সোহেল মোল্লা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নূর নাহার ছিনতাইকারী চক্রের সদস্য। তার সঙ্গে জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ ঘটনায় ইজিবাইক চালকের বাবা আশুলিয়ায় থানায় একটি মামলা করেছেন।

সোমবার সেই মামলায় নূর নাহারকে গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান এসআই সোহেল মোল্লা।