Published : 19 Sep 2026, 10:28 PM
শরীয়তপুরের জাজিরা উপজেলায় রান্নাঘরে মজুত করে রাখা হাতবোমা বিস্ফোরণে আহত নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শনিবার রাজধানীর বনশ্রী এলাকার ফরাজী হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানান হাসপাতালের হিসাব ব্যবস্থাপক হিমেল আহমেদ।
মৃত রোকেয়া বেগম (৪০) উপজেলার সেনেরচর ইউনিয়নের চরধুপুরিয়া চরকান্দি এলাকার ফারুক ছৈয়ালের স্ত্রী। ৫ সেপ্টেম্বর ফারুকের বাড়ির রান্নাঘরে বিস্ফোরণের ঘটনায় তিনি আহত হন।
হিমেল আহমেদ বলেন, দুপুরে চিকিৎসাধীন অবস্থায় রোকেয়া মারা যান। পরে স্বজনরা হাসপাতাল থেকে তার লাশ নিয়ে যান।
জাজিরা থানার ওসি সালেহ আহমেদ বলেন, ঢাকার একটি হাসপাতালে আহত এক নারীর মৃত্যুর খবর তারা শুনেছেন। তবে এ বিষয়ে কোনো কাগজপত্র এখনও থানায় আসেনি। ওই ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল, তবে কেউ লিখিত অভিযোগ দেয়নি।
ওসি বলেন, বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রান্নাঘরে বেশ কিছু হাতবোমা মজুত থাকার তথ্য পায়। বিস্ফোরণে রান্নাঘরের চালা উড়ে যায় এবং আশপাশের দুটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়।
বিস্ফোরণের পর স্থানীয়রা রোকেয়াকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয়। পরে বনশ্রীর ফরাজী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।