১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

নেত্রকোণায় দুপক্ষের সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

ঘটনার দুই দিন পর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছে পুলিশ।

নেত্রকোণায় দুপক্ষের সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

নেত্রকোণার খালিয়াজুরী থানা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Sep 2026, 11:32 PM

Updated : 18 Sep 2026, 11:32 PM

নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় পূর্ববিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত এক যুবক মারা গেছেন। একই ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৮ জন।

ঘটনার দুই দিন পর শুক্রবার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন খালিয়াজুরী থানার ওসি মো. নাসিরুদ্দিন।

নিহত শাহ আলমগীর (২৩) উপজেলার চাকুয়া ইউনিয়নের রানীচাপুর গ্রামের নুরুল হক মিয়ার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই গ্রামের লিগেল মিয়া ও আব্দুর রহমানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে মঙ্গলবার সন্ধ্যায় দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়।

পরদিন বুধবার সকালে আবারও দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন। আহতদের খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।

তাদের মধ্যে গুরুতর চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে লিগেল মিয়ার পক্ষের শাহ আলমগীরের অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয়। এদিন সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শাহ আলমগীরের প্রতিবেশী সানোয়ার ফকির বলেন, ঢাকার কুর্মিটোলা এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল আনুমানিক ৯টার দিকে শাহ আলমগীর মারা যান।

ওসি নাসিরুদ্দিন বলেন, বৃহস্পতিবার থেকে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। তবে আলমগীরের মারা যাওয়ার খবরে এলাকায় উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

তিনি বলেন, সংঘর্ষের পরে দুই পক্ষ থেকে থানায় অভিযোগ দিলে আলাদা মামলা করা হয়। এখন নিহতের পক্ষের মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হবে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।