সাতক্ষীরা ও হবিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরায় এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী গ্রামে এসব ঘটনা ঘটে।
বাড়ির পাশের পুকুরে ডুবে সাতক্ষীরা ও হবিগঞ্জে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা এবং হবিগঞ্জের মাধবপুরের চৌমুহনী গ্রামে এ দুটি ঘটনা ঘটে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।
নিহত দুই শিশু হলো খুলনার কয়রা উপজেলার বেদকাশী (কাঠমারচর) গ্রামের মো. সাহেব আলীর ছেলে আব্দুর রহিম (৯) এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী গ্রামের সেলিম মিয়ার মেয়ে ঝিলিক আক্তার (১১)।
শ্যামনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, কোরবানির ঈদ উপলক্ষ্যে গাবুরা ইউনিয়নের খলিশাবুনিয়া গ্রামে মামার বাড়ি বেড়াতে এসেছিল রহিম। বিকালে মামাতো ভাই মো. আব্দুর রহমানের (৯) সঙ্গে বাড়ির পাশে পুকুরপাড়ে খেলা করছিল সে। এক পর্যায়ে দুই ভাইই পানিতে পড়ে যায়। বাড়ির লোকজন বিষয়টি বুঝতে পেরে দ্রুত শিশুদুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
তবে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা ডা. সোহেলী আফরোজা আব্দুর রহিমকে মৃত ঘোষণা করেন।
এ ছাড়া আরেক শিশু আব্দুর রহমানকে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। সে এখন আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
অন্যদিকে, হবিগঞ্জের চৌমুহনী গ্রামে বিকালে বাড়ির পাশের পুকুর পাড়ে খেলার সময় পানিতে পড়ে যায় ঝিলিক আক্তার ও নার্গিস সুলতানা অধরা নামে দুটি শিশু।
স্থানীয়রা তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. ইশতিয়াক আল মামুন ঝিলিককে মৃত ঘোষণা করেন।
নিহত ঝিলিক চৌমুহনীর খুর্শিদ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল।
আরো পড়ুন:
