কসবায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
দুপুরে বাড়ির পেছনে পুকুরে সাঁতার কাটতে নেমেছিল মাইশা ও জুবায়ের; কিছুক্ষণ পর তাদের খোঁজ না পেয়ে পুকুরে নামেন স্বজনরা।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে উপজেলার কুটি ইউনিয়নের মাইজখার গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কসবা থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন।
নিহত শিশু দুটি হলো- মাইজখার গ্রামের রাজু ভূইয়ার মেয়ে মাইশা আক্তার (৮) এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের দইখলা গ্রামের সাইফুল ইসলামের ছেলে জুবায়ের হোসেন (১১)। তারা মামাতো-ফুফাতো ভাই-বোন।
স্বজনদের বরাত দিয়ে ওসি জানান, দুপুরে বাড়ির পেছনে পুকুরে সাঁতার কাটতে নেমেছিল মাইশা ও জুবায়ের। কিছুক্ষণ পর তাদের খোঁজ না পেয়ে পুকুরে নামেন স্বজনরা। সেখান থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ওসি মহিউদ্দিন বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।
