নোয়াখালীতে একদিনে পানিতে ডুবে ৬ শিশুর মৃত্যু
বুধবার সকাল থেকে কবিরহাটের চাপরাশিরহাট, কোম্পানীগঞ্জের গাংচিল, সুবর্ণচরের থানারহাট ও হাতিয়ার নলচিরায় এসব ঘটনা ঘটে।
নোয়াখালীতে আলাদা স্থানে পুকুরের পানিতে ডুবে একদিনে ছয় শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার সকাল থেকে কবিরহাট উপজেলার চাপরাশিরহাট, কোম্পানীগঞ্জ উপজেলার গাংচিল, সুবর্ণচর উপজেলার থানারহাট ও হাতিয়া উপজেলার নলচিরা ইউনিয়নে এসব ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো- কবিরহাটের চাপরাশিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রামেশ্বরপুর গ্রামের আবু নাছেরের ছেলে রিশাদ (৯) ও রিশান (৭), কোম্পানীগঞ্জের চরএলাহী ইউনিয়নের গাংচিল গ্রামের আক্তার হোসেনের ছেলে আবু বক্কর (৩), হাতিয়ার নলচিরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ রিয়াজের মেয়ে নিহা আক্তার (৫) এবং সুবর্ণচর উপজেলার থানারহাট এলাকার দুইবোন রিয়া মনি (১২) ও দিয়া মনি (১০)।
চাপরাশিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মহিউদ্দিন টিটু বলেন, দুপুর ১টার দিকে পুকুর ঘাটে স্নান করতে যায় রিশাদ ও রিশান। পানিতে ডুবে দুই ভাইয়েরই মৃত্যু হয়।
কোম্পানীগঞ্জের চরএলাহী ইউনিয়নের চেয়ারম্যান মো. আবদুর রাজ্জাক বলেন, বাড়ির সবার অগোচরে গাংচিল গ্রামের শিশু আবু বক্কর পুকুরে নেমেছিল। কিছুক্ষণের মধ্যে মারা যায় সে।
বেলা ১১টার দিকে হাতিয়ার নলচিরা ইউনিয়নে বাড়ির পাশে খেলতে গিয়ে পানিতে পড়ে যায় শিশু নিহা। ইউপি চেয়ারম্যান মো. মনছুর উল্যাহ বলেন, দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুকুরে ডুবে রিয়া ও দিয়া নামে দুই বোনের মৃত্যুর খবর শুনেছেন জানিয়ে চরজব্বর থানার ওসি দেবপ্রিয় দাশ বলেন, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। শিশু দুটির পরিবারের সদস্যরা কোনো অভিযোগ করলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, পরিবারের অজান্তে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশু দুটি। খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ছাড়া, গত দুই দিনে নোয়াখালীর সুবর্ণচর ও সেনবাগ উপজেলায় পানিতে পড়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে।
