১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

বরিশালে পানিতে ডুবে শিশু ও তরুণের মৃত্যু

মৃতদের একজনের বাড়ি ঢাকার শ্যামপুর এবং আরেকজনের বাড়ি বরিশালের মুলাদীর রামচর গ্রামে।

বরিশালে পানিতে ডুবে শিশু ও তরুণের মৃত্যু

প্রতীকী ছবি

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2023, 12:04 AM

Updated : 06 Jul 2023, 12:04 AM

বরিশালের মুলাদী উপজেলায় পুকুরে ডুবে এক শিশু ও মেহেন্দিগঞ্জে নদীতে ডুবে এক তরুণ প্রাণ হারিয়েছেন।

বুধবার দুপুরে এ দুই ঘটনা ঘটে বলে পুলিশ ও স্বজনরা জানিয়েছেন।

মৃত দুজন হলেন ঢাকার শ্যামপুর ফরিদাবাদ এলাকার মৃত ইদ্রিস মোল্লার ছেলে মো. ইব্রাহিম মোল্লা (১৮) এবং বরিশালের মুলাদী উপজেলার রামচর গ্রামের কায়েজ খলিফার ছেলে আল আমিন (৪)।

পরিবারের বরাতে মুলাদী থানার ওসি মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিশু আমিন প্রতিবেশী অন্য শিশুদের সঙ্গে বাড়ির পাশে পুকুরে যায়। কিছু সময় পর তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। পরে তাকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিবারের অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

কাজীরহাট থানার এসআই বেল্লাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইব্রাহিম মোল্লা মেহেন্দিগঞ্জ উপজেলার কাদিরাবাদ গ্রামে নানাবাড়িতে বেড়াতে এসেছিলেন।

“বেলা ১২টার দিকে মা-মামা-খালা ও বোনদের সঙ্গে লতা নদীতে গোসল করতে যান তিনি। সাঁতার না জানায় নদীর স্রোতে ভেসে যান।”

পরে স্বজনরা উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই বেল্লাল আরও জানান, জেলা প্রশাসনের অনুমতিতে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।