গাইবান্ধায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে ২ জন নিহত
প্রাইভেটকারটি একজন যাত্রী নিয়ে রংপুরের দিকে যাচ্ছিল।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাস-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার সকাল ৭টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার পান্তাপাড়া এলাকার ব্র্যাক অফিসের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আমিনুল ইসলাম।
নিহতরা হলেন, প্রাইভেট কারটির চালক মিজান মিয়া (৩৫) ও প্রাইভেটকারের যাত্রী আবুল বাশার মিয়া (৫৫)।
মিজান মিয়া কুমিল্লা জেলার মেঘনা উপজেলার দাউদকান্দি এলাকার হক মিয়ার ছেলে এবং বাশার মিয়া ঢাকার খিলক্ষেত এলাকার আবদুল মান্নান মিয়ার ছেলে।
ওসি আমিনুল জানান, প্রাইভেটকারটি একজন যাত্রী নিয়ে রংপুরের দিকে যাচ্ছিল। পথে পান্তাপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় সেটির।
“এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই চালক মিজান ও যাত্রী বাশার মিয়া মারা যান। ”
এ ঘটনায় বাসটি আটক করা হয়েছে তবে বাসের চালক ও চালকের সহকারী পালিয়ে গেছে বলে জানান ওসি।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার আরিফ আনোয়ার জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দুইজনের লাশ উদ্ধার করে। আটককৃত বাসটিসহ নিহতদের মরদেহ গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।
