২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্র মামলায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতির ১২ বছরের জেল

২০১৫ সালের ২৪ এপ্রিল বিদেশি পিস্তল ও গুলিসহ ইলিয়াসকে গ্রেপ্তার করে র‌্যাব।

অস্ত্র মামলায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতির ১২ বছরের জেল

দণ্ডপ্রাপ্ত ইলিয়াস হোসেন সবুজ ওরফে মো. ইলিয়াস মিয়া।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2023, 08:01 PM

Updated : 09 Aug 2023, 09:00 PM

অস্ত্র মামলায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতিকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছে কুমিল্লার একটি আদালত।

বুধবার কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম সেলিনা আক্তার আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) মো. জাকির হোসেন খান জানান।

দণ্ডপ্রাপ্ত ইলিয়াস হোসেন সবুজ ওরফে মো. ইলিয়াস মিয়া কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বদরপুর গ্রামের মো. ইসমাইল হোসেনের ছেলে।

মামলার বরাতে পিপি জাকির হোসেন বলেন, ২০১৫ সালের ২৪ এপ্রিল কুমিল্লা কোটবাড়ির শালবন বিহার এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও ত্রাস সৃষ্টির অভিযোগে ইলিয়াসকে গ্রেপ্তার করে র‌্যাব।

সে সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুটি গুলি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয় বলে তিনি জানান।

এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় ইলিয়াসের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলার করেন র‌্যাব-১১, পিসিপি-২ কুমিল্লার ডিএডি মো. মোস্তাকিম।

দীর্ঘ শুনানিতে পাঁচ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আসামিকে ১২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

২০১৭ সালের ২৮ মে ইলিয়াসকে সভাপতি ও গণিত বিভাগের শিক্ষার্থী রেজাউল ইসলাম মাজেদকে সাধারণ সম্পাদক করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। ২০১৮ সালে মেয়াদ শেষ হলেও আর নতুন কমিটি দেয়নি কেন্দ্রীয় কমিটি।

গত ছয় বছরে নানা ঘটনায় আলোচিত-সমালোচিত হওয়ার পর চলতি বছরের ৬ মার্চ ওই কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় ছাত্রলীগ।