‘পাহাড়ের সমস্যা রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে’
পার্বত্য শান্তি চুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে রাঙামাটিতে জেএসএস নেতারা এসব কথা বলেন।
পার্বত্য চট্টগ্রাম সমস্যা রাজনৈতিক সমস্যা; একে রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সিনিয়র সহসভাপতি ঊষাতন তালুকদার।
পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি-জেএসএস রাঙামাটি জেলা শাখার উদ্যোগে এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাঙামাটি জিমনেশিয়াম প্রাঙ্গণে অনুষ্ঠিত এই গণসমাবেশে তিনি আরো বলেন, “আমাদেরকে বারবার আওয়ামী লীগের সাথে মুখোমুখি করা হচ্ছে, কিন্তু আমরা বলতে চাই আওয়ামী লীগ আমাদের শত্রু নয়; বন্ধু। তবে আমাদের দাবি-অধিকার আদায়ে আমরা আন্দোলন, সংগ্রাম চালিয়ে যাবো।”
তিনি বলেন, “সরকার বলছে ৪৮টি ধারা বাস্তবায়ন হয়েছে, সেটা তো বহু বছর ধরে বলেই চলছেন। বাকি ধারাগুলো কবে বাস্তবায়ন করবে সরকার। সন্তু লারমাকে আপনারা এখন চাঁদাবাজ বলছেন, তখন কেন চুক্তি করলেন। সন্তু লারমা দেশপ্রেমিক বলেই উনি এখনো সব কিছু মেনে নিচ্ছেন। সরকারকে সবসময় সহযোগিতা করছেন। আমরা কোনো অস্ত্র বা বুলেট রেখে আসিনি।”
‘জুম্ম জাতীয় ঐক্য ও সংহতি সুদৃঢ় করুন’- এই স্লোগানে আয়োজিত গণসমাবেশে জেএসএস রাঙামাটি জেলার সভাপতি গঙ্গা মানিক চাকমার সভাপতিত্বে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আদিবাসী ফোরাম পার্বত্য অঞ্চলের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, এমএন লারমা মোমিরিয়াল ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেমন চাকমা, বাংলাদেশ যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম, সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক এর সহসভাপতি ভবতোষ দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মণি চাকমা, যুব সমিতি রাঙামাটি জেলা কমিটির সভাপতি অমিতাভ তঞ্চঙ্গ্যা, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি সুমন মারমা, হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শান্তিদেবী তঞ্চঙ্গ্যা।
গণসমাবেশ বক্তারা বলেন, পাহাড়ে ভূমি, আইনশৃঙ্খলা, প্রশাসন এবং অভ্যন্তরীণ ও প্রত্যাগত উদ্বাস্তু পুনর্বাসন হয়নি। সরকারের মধ্যে একটি অংশ চুক্তি বিরোধিতাকারীর স্বার্থ সংরক্ষণ করছে। চুক্তি বাস্তবায়নে যত দেরি হবে, দলবাজি ও চাঁদাবাজি তত বাড়বে। নতুন নতুন দলও গজিয়ে উঠবে।
বক্তারা বলেন, ভূমি কমিশনের প্রবিধান না হওয়ার ভূমি কমিশন কোনো কাজ করতে পারছে না। আন্দোলন সংগ্রাম ছাড়া চুক্তি বাস্তবায়ন সম্ভব না।
চুক্তি বাস্তবায়নে তাই জুম্ম জনগণকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয় গণসমাবেশ থেকে।
এদিকে পার্বত্য শান্তি চুক্তির রজত জয়ন্তী উপলক্ষে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে শহরে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শুক্রবার দুপুরে কলেজ গেইট এলাকা থেকে শোভাযাত্রাটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য দীপংকর তালুকদার।
এছাড়া পার্বত্য শান্তিচুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে রাঙামাটি রিজিয়ন ও সেনা জোনের উদ্যোগে শান্তি র্যালি ও মানবিক সহায়তা প্রদান করা হয়।
শুক্রবার সকালে শহরের কলেজ মাঠে কবুতর ও বেলুন উড়িয়ে শান্তিচুক্তির বর্ষপূর্তির আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে কলেজ মাঠ থেকে একটি র্যালি বের করা হয়। সেনা রিজিয়নের মাঠে র্যালিটি শেষ হয়।
র্যালি শেষে সেনা রিজিয়ন প্রান্তিক মাঠে মানবিক সহায়তার মধ্যে ঢেউটিন, সেলাই মেশিন, সিলিং ফ্যান ও দুস্থ ব্যক্তিবর্গকে এক লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, পুলিশ সুপার মীর আবু তৌহিদ, সদর জোন কমান্ডার লে. কমান্ডার আশিকুর রহমান প্রমুখ।
